এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৪ আগস্ট : মিশরের ইসলামপন্থী সন্ত্রাসী ইয়াসির আল-সিরি (৬৩), যাকে একসময় মিশরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল, এখন পশ্চিম লন্ডনে পাঁচ লক্ষ পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্টে থাকেন এবং মধু ও পানীয়ের একটি পাইকারি ব্যবসা চালান।
আল-সিরি ১৯৯০-এর দশকে ব্রিটেনে আসেন এবং ১৯৯৪ সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তিনি মিশরীয় ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৯৩ সালে মিশরীয় প্রধানমন্ত্রী আতেফ সেদকিকে হত্যার উদ্দেশ্যে চালানো গাড়ি-বোমা হামলায় জড়িত থাকার কারণে তার মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত, যে হামলায় ১২ বছর বয়সী এক বালিকা নিহত হয়।
মিশর থেকে পালিয়ে ব্রিটেনে এসে ইয়াসির আল- সিরি রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রথমে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু বছরের পর বছর আপিলের পর একটি ট্রাইব্যুনাল রায় দেয় যে তিনি ব্রিটেনে থাকার অধিকারী।ব্রিটিশ আদালতের নথিতে তাঁর এই দৃষ্টিভঙ্গি লিপিবদ্ধ করা হয়েছে যে, “হিংসাত্মক জিহাদ” “মুসলিমদের জন্য একটি কর্তব্য”।
ইসলামপন্থী গোষ্ঠী আল-গামা’আ আল- ইসলামিয়্যাকে বস্তুগত সহায়তা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে আল-সিরিকেও একটি মার্কিন যুক্তরাষ্ট্রীয় ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযুক্ত করেছিল। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর, আল-সিরি আল-কায়েদা নেতার মৃত্যুকে “সম্মানজনক” বলে বর্ণনা করেছিলেন।
সেই আল-সিরি এখন উত্তর-পশ্চিম লন্ডনে মধু, খাদ্য ও পানীয়ের একটি পাইকারি ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয় ব্যবসায়ীরা তাকে “হাজ্জ” নামে চেনেন এবং বলেন যে তিনি এলাকার দোকানগুলোতে পণ্য সরবরাহ করেন।।
