এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : আজ রবিবার উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বীজপুরে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। গাড়ি ঘিরে রেখে দেওয়া হয় “চোর চোর” শ্লোগান । গাড়ি লক্ষ্য করে ইট, কাদা ও ছেঁড়া চটি ছোড়ার অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে । এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি ও তাঁর সঙ্গে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন । প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,’চুরি করেছেন চোর তো শুনতেই হবে ।’
বীজপুরের ওই ঘটনার পর মমতা বলেন,’ বড় ইট ছোড়া হয়েছে। আমার মাথা ফেটে যেত, এখানে মরে যেতাম৷’ তার অভিযোগ, পরিকল্পিত ভাবে বিজেপি কর্মীদের দিয়ে এই বিক্ষোভ করানো হয়েছে এবং পুলিশ তাঁদের বাধা দেওয়ার বদলে সুরক্ষা দিয়েছে।’
পানিহাটিতে ডঃ অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে “স্মরণে অভয়া” সভা শেষে এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন,’মৃতের পরিবার ওনার সঙ্গে দেখা করতে চায়নি। উনি জোর করে এবং পুলিশকে কিছু না জানিয়ে গিয়েছিলেন ।’ তিনি বলেন,’কোনো বিজেপি কর্মী ওনাকে বিক্ষোভ দেখায়নি । উনি গনরোষের মুখে পড়েছিলেন ।’ পাশাপাশি তিনি মমতার উদ্দেশ্যে বলেন, ‘পানিহাটির উপর দিয়েই আপনি গিয়েছিলেন । একবার রত্নাদি(অভয়ার মা) সামনে গিয়ে গলায় গামছা দিয়ে যদি ক্ষমা চাইতেন তাহলে হয়তো উনি ক্ষমা করে দিতেন । কিন্তু আপনি সেটা করেননি ।’এরপর প্রাক্তনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,’যে ‘অভয়া’কে খুন করে প্রমান লোপাট করেছে, তাকে কাদা ছুড়বে না তো ফুল ছুড়বে?’
