এইদিন স্পোর্টস নিউজ,০৩ আগস্ট : ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে রৌপ্য পদক জয়ী তারকা বক্সার লাভলিনা বোরগোহাইন, গ্লাসগোর একটি ভারতীয় রেস্তোরাঁর ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছেন, কারণ তিনি সেখানে ভারতের একটি ভুল মানচিত্র দেখতে পান। ভারতীয় ক্রীড়াবিদদের সম্মান জানাতে আয়োজিত একটি নৈশভোজের সময় তিনি রেস্তোরাঁর বাইরে প্রদর্শিত ন্যাপকিন এবং একটি মানচিত্র লক্ষ্য করেন, যেখানে উত্তর-পূর্ব ভারতকে সঠিকভাবে চিত্রিত করা হয়নি।তিনি তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে বলেন যে, দেশের মানচিত্র সর্বদা নির্ভুল ও সম্পূর্ণভাবে প্রদর্শন করা উচিত। এই ঘটনার পর রেস্তোরাঁটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার শিকার হয়।
গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সাররা তাদের অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে। ভারত একাধিক পদক জিতে বক্সিংয়ে তাদের সর্বকালের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে। আসামের লাভলিনা বরগোহাইন মহিলাদের ৭৫ কেজি বিভাগে একটি রৌপ্য পদক জিতেছেন।
ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার এমা-সু গ্রিনট্রির কাছে ১-৪ ব্যবধানে হেরে স্বর্ণপদক থেকে বঞ্চিত হন। লড়াইয়ের পর তিনি স্বীকার করেন যে স্বর্ণপদক জিততে না পারায় তিনি কিছুটা দুঃখিত ছিলেন, কিন্তু ভারতীয় বক্সিং দলের চমৎকার পারফরম্যান্সে তিনি গর্বিত ছিলেন।
প্রতিযোগিতার পর ভারতীয় ক্রীড়াবিদদের সম্মান জানাতে গ্লাসগোর বিখ্যাত ভারতীয় রেস্তোরাঁ ‘মিস্টার সিংস ইন্ডিয়া – দ্য হোম অফ কারি’-তে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। এই সময়ে রেস্তোরাঁটিতে ব্যবহৃত ন্যাপকিন এবং বাইরে প্রদর্শিত ভারতের মানচিত্র নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়।
রাতের খাবারের সময় লাভলিনা একটি ন্যাপকিনে ছাপা ভারতের একটি মানচিত্র দেখতে পান। তিনি লক্ষ্য করেন যে, মানচিত্রে উত্তর-পূর্ব অংশটি বাদ দেওয়া হয়েছে । তিনি সঙ্গে সঙ্গে আপত্তি জানান এবং রেস্তোরাঁর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে লাভলিনা বলেন, “রেস্তোরাঁর ন্যাপকিনে ছাপা মানচিত্রটিতে আমাদের উত্তর-পূর্ব অংশটি নেই। ভারতের প্রতিটি অংশই খুব গুরুত্বপূর্ণ, এবং দেশের সঠিক ও সম্পূর্ণ মানচিত্রই সর্বত্র প্রদর্শন করা উচিত।”
তিনি আরও বলেন যে, এই একই ভুল শুধু ন্যাপকিনেই নয়, রেস্তোরাঁর বাইরে প্রদর্শিত মানচিত্রেও দেখা গেছে। তার মতে, মানচিত্রে দেশের কোনো অংশকে ভিন্নভাবে বা ভুলভাবে দেখানো সমীচীন নয় এবং ভবিষ্যতে এই ধরনের অবহেলার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।
বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (বিএফআই)-এর সভাপতি অজয় সিংও এই বিষয়ে লাভলিনাকে সমর্থন করেছেন। তিনি ব্যাখ্যা করেন যে, মানচিত্রটিতে শুধু উত্তর-পূর্বই নয়, জম্মু ও কাশ্মীরও সঠিকভাবে চিত্রিত ছিল না ।
তিনি এবং লাভলিনা অবিলম্বে রেস্তোরাঁর কর্তৃপক্ষকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন, যার পরে কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে, ক্ষমা চায় এবং সঠিক মানচিত্রসহ নতুন ন্যাপকিন অর্ডার করার প্রতিশ্রুতি দেয়। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করছে স্কটল্যান্ডে ভারতীয় দূতাবাসও । গতকাল দূতাবাসের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,”আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, গত সন্ধ্যায় ভারতীয় ক্রীড়া দলের সদস্যদের আপ্যায়ন করা একটি রেস্তোরাঁর প্রাঙ্গণে ভারতের একটি ভুল মানচিত্র প্রদর্শন করা হয়েছে।আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে যথাযথ সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেস্তোরাঁটি অবিলম্বে ভুল মানচিত্র সম্বলিত সামগ্রীগুলো সরিয়ে নিচ্ছে।”
লাভলিনা তার রৌপ্য পদকটি আসামের বন্যা-আক্রান্ত মানুষদের উৎসর্গ করেছেন।তিনি বলেন যে, গেমসে অংশগ্রহণের কারণে এই কঠিন সময়ে তিনি তার রাজ্যের মানুষের পাশে থাকতে পারেননি, যার জন্য তিনি অনুতপ্ত। তিনি আশা প্রকাশ করেন যে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে। আসামের সাতটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১.৭৮ লক্ষ মানুষ এই দুর্যোগের বিরুদ্ধে লড়াই করছেন। লাভলিনা বলেন যে তার পদকটি এই কঠিন সময়ের সম্মুখীন সকলের প্রতি উৎসর্গীকৃত।।
