এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ আগস্ট : ভোটব্যাংককে সন্তুষ্ট করতে সিপিএম সরকার তাকে কার্যত জোর করে বিমানে তুলে দিয়ে দিল্লি ফেরত পাঠিয়ে দিয়েছিল । একই কারনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার তার জন্য পশ্চিমবঙ্গের রাস্তা বন্ধ করে দিয়েছিল । অবিশেষে রাজ্যে পালাবদলের পর দীর্ঘ ১৯ বছর বাদে কলকাতার মাটিতে পা রেখেছেন ইসলামপন্থীদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন । বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । আজ শনিবার রবীন্দ্র সদনে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তিনি । খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখিকাকে উত্তরীয় পরিয়ে ও ঋষি বঙ্কিমচন্দ্রের একটি বাঁধানো ছবি হাতে তুলে দিয়ে তাকে স্বাগত জানালেন । পাশাপাশি তিনি লেখিকার উদ্দেশ্যে বলেন,’আপনি যখন ইচ্ছা যাবে পশ্চিমবঙ্গে আসবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার ।’
মুখ্যমন্ত্রী বলেন,’শৃংখল মুক্ত পশ্চিমবঙ্গ । বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ । যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত । সেই পশ্চিমবঙ্গের সবার আসার সুযোগ রয়েছে । সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে । আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয়া লেখিকা তসলিমা নাসরিন মহদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন । আজকে কর্মসূচি করছেন । এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত । এখানে ধমক-চমক দেখে নেব আটকে দেব প্রভৃতি জিনিস অতীত হয়ে গেছে ।’
এরপর তিনি বলেন,’আমি এখানে আমন্ত্রিত নই । উনি আসছেন শুনে আমি এসেছি । আমি শুধু মুখ্যমন্ত্রী নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী । আমি ওনাকে স্বাগত জানালাম, বন্দেমাতরম-এর সার্ধশতবর্ষে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে । পশ্চিমবঙ্গে আপনাদের স্বাগত । আপনি লেখিকা । আপনার লেখা সবাই পড়ে । আপনার পাঠকের সংখ্যা প্রচুর । আপনি এখানে ভালো করে বলুন । এবং পশ্চিমবঙ্গের ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে সেটা নিশ্চিতভাবে আপনি দেখেছেন । একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন । সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ।’
প্রসঙ্গত, ২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাস ঘিরে উত্তাল হয়েছিল কলকাতার মুসলিম অধ্যুষিত একটি এলাকা। অবস্থা সামাল দিতে সেনা মোতায়েন হয়েছিল। মৌলবাদীদের কাছে নতি স্বীকার করে তৎকালীন সিপিএম সরকার উপন্যাসটি রাজ্যে নিষিদ্ধ করেছিল । তারপর সিপিএম ক্ষমতা থেকে চলে গিয়ে তৃণমূল কংগ্রেস এলেও লেখিকা সম্পর্কে নীতির কোনো পরিবর্তন হয়নি । লেখিকার জন্য বঙ্গের দরজা কার্যত অঘোষিত বন্ধ করে দেওয়া হয় । অবশেষে তৃণমূলের পতনের পর বিজেপি ক্ষমতায় আসতেই সসম্মানে এরাজ্যে আসতে সক্ষম হলেন তসলিমা নাসরিন ।
আজ তিনটি সংগঠন তসলিমাকে নিয়ে কলকাতার রবীন্দ্রসদনে অনুষ্ঠানের আয়োজন করেছে। তসলিমার কবিতা নিয়ে গীতিআলেক্ষ্য উপস্থাপিত হয় । এখন তিনি থাকছেন আলিপুরের একটি পাঁচতারা হোটেলে।।

