এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ জুলাই : আগামী আগস্ট মাস থেকেই মিডডে মিল পরিবেশন করবে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন (ISKCON) । প্রথমে তারা পাইলট প্রোজেক্টের মাধ্যমে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল পরিবেশন শুরু করবে । আজ বুধবার নবান্ন থেকে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন । প্রথমতঃ,মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ এবং দ্বিতীয়তঃ, আলাদা করে ডিম দেওয়া হবে পড়ুয়াদের ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’আগামী ১ অগাস্ট থেকে কলকাতার একটি বড় অংশের স্কুলগুলিতে পাইলট প্রোজেক্ট হিসেবে মিড ডে মিল বিতরণের কাজ শুরু করবে ইসকন। পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য সরকারি স্কুলেও এই প্রকল্পের পরিধি আরও প্রসারিত করা হবে। শুধু দুপুরের খাবার সরবরাহ করাই নয়, স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি (SHG) গ্রুপের মাধ্যমে প্রতিটি পড়ুয়ার পাতে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।’
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন,এতদিন হাইস্কুল এবং আপার প্রাইমারির ক্ষেত্রে পড়ুয়াপিছু মিড ডে মিলের জন্য বরাদ্দ ১০ টাকা থাকলেও, প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে সেই বরাদ্দ অনেক কম অর্থাৎ ৬ টাকা ৭৮ পয়সা ছিল । তবে এখন থেকে প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রেও পড়ুয়াপিছু মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে সরাসরি ১০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৮০,৩৭৫টি সরকারি ও সরকারি-সহায়তাপ্রাপ্ত স্কুলে কম্পোজিট স্কুল গ্রান্ট প্রদান করা হয় । মোট আর্থিক সাহায্যের ২৯৬ কোটি ৩৪ লক্ষ ৮৫ হাজার টাকা । এই অর্থে বিদ্যালয়গুলির রক্ষণাবেক্ষণ সহ অনান্য কাজে ব্যয় করা হবে । মুখ্যমন্ত্রী বলেন,’তিন বছর ধরে কম্পোজিট গ্রান্ট বন্ধ করে দেওয়া হয়েছিল । আগের সরকার স্কুলগুলির চক- ডাস্টার কেনার টাকাও বন্ধ করে দিয়েছিল । আমরা অগ্রাধিকার ভিত্তিতে স্কুলগুলিকে ৩০০ কোটি টাকা কম্পোজিট গ্রান্ট হিসাবে দিতে শুরু করলাম ।’
মুখ্যমন্ত্রী আরও জানান,মালদা,দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়িতে নবদয় বিদ্যালয় করা হবে । ১২০০ স্কুলকে স্মার্টস্কুলে উত্তীর্ণ করা হবে ।।
