এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ জুলাই : এবারের শ্রাবণ মাসে ভগবান শিবের জলাভিষেকের জন্য আগত ভক্তদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রী বলেন,আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে জলযাত্রীদের উপর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা,অবশ্য যদি আবহাওয়া পারমিট করে ।’
আজ সোমবার নবান্ন থেকে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ প্রশাসন এবং ঐতিহ্যবাহী রথযাত্রা (Rath Yatra) কমিটিগুলির সঙ্গে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । রথযাত্রার জন্য অনুদান তুলে দেওয়ার পাশাপাশি শিবের ভক্তদের জন্য বড় ঘোষণা করেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন,’শ্রাবণ মাসে জলযাত্রীরা যান । আমি ভারতের বহু রাজ্যে দেখেছি যে,এই আস্থার বড় পরম্পরাকে কিভাবে সরকার সহযোগীতা করে । এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল । আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবাকেন্দ্র স্থাপন করছি ।’
তিনি বলেন,’তারকেশ্বরে বাবা ধামকে সাজানোর জন্য আমরা ১৫ কোটি টাকা খরচ করছি ।’ তিনি জানান, জলপাইগুড়ির জল্পেশ মন্দির,ভুটান সীমান্তে জয়ন্তী এলাকা এবং তারকেশ্বরের জলযাত্রীদের জন্য বিশেষ করে বেছে নেওয়া হয়েছে । এই তিন তীর্থক্ষেত্রে পুলিশের সহায়তা শিবির,অস্থায়ী চিকিৎসা শিবির,পানীয় জল এবং বিশ্রামাগারের ব্যবস্থা করা হবে ।’
এদিন ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, “এবারের তালিকায় যদি কোনও ত্রুটি থাকে, তাহলে ক্ষমা করে দেবেন। আগামিদিনে জেলাশাসকদের জানালে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করার চেষ্টা হবে। রথযাত্রার ঐতিহ্যকে উৎসবে পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে।” শুভেন্দু উল্লেখ করে ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলি এই অনুদান পেলে কিছুটা উপকৃত হবে। কমিটিগুলি পুরনো রথগুলি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজে এই টাকা ব্যয় করবেন বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু।
তীর্থক্ষেত্রে সার্কিট নামে একটি ব্যবস্থার কথাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদের কীরিটেশ্বরী সহ একাধিক প্রাচীন ঐতিহাসিক মন্দির সংস্কার ও হেরিটেজের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগামী ২ বছর ধরে গুরুত্বপূর্ণ কাজ হবে বলে জানিয়েছেন তিনি। ধর্মীয় স্থানগুলির উন্নয়নে মোট ১০০০ কোটি বরাদ্দ করছে রাজ্য সরকার।
এছাড়া, ভারত সেবাশ্রমের হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দু। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মস্থানে ৫ কোটি টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার।।
