এইদিন বিনোদন ডেস্ক,১৩ জুলাই : ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও হয়রানির গুরুতর এক মামলায় মুম্বাই পুলিশ ২৯ বছর বয়সী বিখ্যাত টেলিভিশন অভিনেতা রোহিত চান্ডেলকে শিশু যৌন নিপীড়ন আইন (পকসো)-এর অধীনে গ্রেপ্তার করেছে। ২৯ বছর বয়সী অভিনেতাকে শুক্রবার পান্ত নগর পুলিশ তার দহিসরের বাসভবন থেকে হেফাজতে নেয়, এরপর তাকে একটি বিশেষ পকসো (যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা) আদালতে হাজির করা হয় এবং পুলিশি হেফাজতে পাঠানো হয়।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, রোহিত চান্ডেল এবং ওই নাবালিকা মেয়েটির পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তারা ইনস্টাগ্রামে চ্যাটিং শুরু করেন, যা পরে বন্ধুত্বে পরিণত হয়। তবে, অভিযোগ অনুযায়ী, বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন মোবাইল নম্বর থেকে মেয়েটিকে বারবার ফোন করে হয়রানি করছেন।
অভিযোগে আরও বলা হয়েছে যে, গত ৫ জুলাই রোহিত চান্ডেল ভুক্তভোগীকে তার হাউজিং সোসাইটির কাছে অনুসরণ করেন, জোর করে তাকে থামান, মৌখিকভাবে গালিগালাজ করেন এবং মেয়েটি প্রতিরোধ করলে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন।
মুম্বাই পুলিশ অভিযুক্ত অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৭৮ (পিছু ধাওয়া) এবং ১১৫(২) (স্বেচ্ছায় আঘাত করা)-এর অধীনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে একটি বিশেষ পকসো আদালতে হাজির করা হয় এবং চান্ডেলকে পুলিশি হেফাজতে পাঠানো হয় ।
রোহিত চান্ডেল টেলিভিশন এবং ওয়েব সিরিজের একটি পরিচিত মুখ, যিনি ‘পান্ডিয়া স্টোর’, ‘সায়রাব’ এবং ‘কাশীবাঈ বাজিরাও বল্লাল’-এর মতো কাজের জন্য পরিচিত। ১৯৯৫ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী এই অভিনেতা ৯০ বার প্রত্যাখ্যাত হওয়ার পর একটি বিজ্ঞাপনের কাজ পান। তিনি ‘হর মুশকিল কা হাল – আকবর বীরবল’ ধারাবাহিকে একটি সীমিত চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে তাঁর যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে ‘এসকেপ লাইভ’ ও ‘চন্দ্রগুপ্ত মৌর্য’-তে অভিনয় করে পরিচিতি লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে জি টিভির ‘কাশীবাঈ বাজিরাও বল্লাল'(২০২১-২০২২)-এ বাজিরাও এবং স্টারপ্লাসের ‘পান্ডিয়া স্টোর’ (২০২৩ -২০২৪) – এ ধাওয়াল মাকওয়ানা।বিনোদন জগতে প্রবেশের আগে চান্ডেল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর হয়ে পেশাদার ক্রিকেট খেলেছেন বলে জানা যায়।।
