এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১২ জুলাই : অন্নপূর্ণা ভান্ডারের অনুদান না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করছিলেন মহিলারা । আর বিক্ষোভকারীদের সিংহভাগই হিন্দু সম্প্রদায়ের । এই কারনে অভিযোগ উঠছিল যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও পুরসভাগুলি থেকে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের নাম অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে । সেই দাবি যে নিছক অমূলক নয়,তার প্রমান মিললো পুরুলিয়ায় । অন্নপূর্ণা যোজনায় কারচুপির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জি ও তার ভাইপো কৃপাসিন্ধু ব্যানার্জি । কৃপাসিন্ধু আবার পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ- সভাপতির পদে রয়েছেন । শনিবার রাতে বাড়ি থেকে তাদের পাকড়াও করে পুলিশ ।
অভিযোগ উঠেছে, গত ৭ জুলাই রাতে তৃনমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃপাসিন্ধু ও চরণপাহাড়ি বিডিও (BDO) অফিসে অনধিকার প্রবেশ করে ‘অন্নপূর্ণা যোজনা’ সহ একাধিক সরকারি প্রকল্পের নথি বিকৃত বা পরিবর্তন করার চেষ্টা করছিলেন। সেই সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের হাতেনাতে ধরে ফেলেন এবং ব্লক অফিসে বিক্ষোভ দেখান। পরবর্তীকালে থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হলে, পুলিশের বিশেষ অভিযানে শনিবার (১১ জুলাই) রাতে লাখরা গ্রামের নিজস্ব বাড়ি থেকে সুজয় বন্দ্যোপাধ্যায় ও কৃপাসিন্ধুকে এবং পাড়ুই গ্রাম থেকে পূর্ত-কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে সুজয় বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন । কিন্তু বিজেপি প্রার্থীর কাছে তিনি শোচনীয় ভাবে পরাজিত হন ।।
