এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৬ আগস্ট : তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভুল করে ট্রেনের কামরায় লক্ষাধিক টাকার সোনার গহনা ভর্তি ব্যাগ ফেলে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের পারভিনা খাতুন নামে এক মহিলা । ট্রেন ছেড়ে দেওয়ার পর তাঁর হুঁশ হয় । সঙ্গে সঙ্গে তিনি রেল দপ্তরের ‘মদত পোর্টাল-এর মাধ্যমে জরুরি অভিযোগ দায়ের করেন । অবশেষে অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই মহিলাকে তার ৬.১০ লক্ষ টাকার গহনা ও গুরুত্বপূর্ণ নথিভর্তি ব্যাগটি ফিরিয়ে দিল রেলদপ্তর । আজ বুধবার বিকেল ৩:৫০ মিনিটে নবদ্বীপ আরপিএফ পোস্টে এসে ব্যাগটি নিয়ে যান ওই মহিলা ।
জানা গেছে,এদিন দুপুরে ৩৭৭৪৮ ডাউন কাটোয়া– ব্যান্ডেল লোকাল ট্রেনে চড়ে অগ্রদ্বীপে নামেন পারভিনা খাতুন । ট্রেন থেকে নামার পরেই তিনি বুঝতে পারেন যে,তাঁর বাদামি রঙের হ্যান্ডব্যাগটি ফেলে এসেছেন ট্রেনের কামরায় । ব্যাগটির ভিতরে ছিল দুই জোড়া সোনার কানের দুল, দুটি সোনার আংটি, তিনটি নাকের নথ, একটি সোনার চেন, এক জোড়া সোনার চুড়ি, ব্যাংকের পাসবই, গ্যাস সংযোগের নথিপত্র এবং কিছু নগদ টাকা । আতঙ্কিত হয়ে পড়েন মহিলা । যদিও শোক না করে সঙ্গে সঙ্গে তিনি নিজের স্মার্টফোন থেকে রেল দপ্তরের ‘মদত পোর্টালে’ একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় দপ্তর ।
রেল দপ্তর সূত্রে জানা গেছে,খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে তদন্তভার নিজের হাতে তুলে নেন । তিনি দ্রুত অভিযোগটি নবদ্বীপ ধাম আরপিএফ পোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পিকে দাসের কাছে পাঠিয়ে দেন । শুরু হয় তল্লাশি অভিযান ৷ অবশেষে ট্রেনটি দুপুর ১৪:৩৭ মিনিটে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই এ এস আই পিকে দাস এবং কনস্টেবল সঞ্জয় ঘোষ দ্রুত ট্রেনে উঠে পড়েন। তারা নির্দিষ্ট কামরাটিতে তল্লাশি চালিয়ে মহিলার ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
পরে বিকেল ১৫:৫০ মিনিটে মায়ের সঙ্গে আরপিএফ পোস্টে এসে নিজের জিনিসপত্র গ্রহণ করেন ওই মহিলা । যথাযথ যাচাইয়ের পর তাঁর উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয় এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফ করা হয় বলে জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে ।
নিজের দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন,’অপারেশন আমানত’-এর মতো উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল যাত্রীদের সম্পত্তি সুরক্ষা এবং প্রতিদিন দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দৃঢ়ভাবে পালন করে চলেছে।’ উল্লেখ্য, আইজি তথা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার অমিয় নন্দন সিনহার তত্ত্বাবধানে “অপারেশন আমানত”-এর মাধ্যমে আরপিএফ বাহিনী সারা দেশে যাত্রীদের নিরাপত্তা ও তাঁদের সম্পত্তি সুরক্ষায় নিরন্তর নিয়োজিত রয়েছে ।।

