এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৩ জুলাই : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর (Ayatollah Ali Khamenei ) শেষকৃত্যে যোগ দিতে ইরান গেলেন । এই খবর জানানো হয়েছে “সবার ইনসাফ” নামে একটি ফেসবুক পেজে । পেজটি মূলত জমিয়তে উলামায়ে হিন্দ সম্পর্কীয় খবরাখবর পরিবেশন করে৷
সিদ্দীকুল্লাহের ইরান যাত্রা প্রসঙ্গে ওই পেজে লেখা হয়েছে,”মার্কিন-ইজরায়েলি হামলায় শহীদ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর জানাযায় যোগ দিতে তেহরানের উদ্দেশে রওনা দিলেন জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। বিশিষ্ট ধর্মশাস্ত্রবিশারদ হিসাবে ইরানের শীর্ষ নেতৃত্বের বিশেষ আমন্ত্রণে চৌধুরী সাহেবের এই সফর বলে জানা গিয়েছে। সুন্নিরা ইরানে কেমন আছেন তার হাল-হকিকত তিনি সফরকালে খতিয়ে দেখবেন বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন বলে জমিয়ত সূত্রে খবর। ছবিতে বিমানে ওঠার পূর্বে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ডঃ আব্দুল মাজিদ হাকিম এলাহির সঙ্গে জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।” খামেনির মৃত্যুর পর এর আগে গত ২৬ শে মার্চ দিল্লিতে ইরানি দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করে ইরানের পাশে থাকার বার্তা দিয়ে আসেন সিদ্দীকুল্লাহ চৌধুরী ।
প্রসঙ্গত,গত ২৮ ফেব্রুয়ারী তেহরানের কাছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী । খামেনির বাসভবনে চালানো হামলায় তাঁর মেয়ে, নাতনি এবং জামাতাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারান। খামেনির মৃতদেহ সংরক্ষিত রেখে দীর্ঘ ৩ মাস পর শেষকৃত্য( ইসলামি পরিভাষায় জানাজা ও দাফন) সম্পন্ন হতে চলেছে । আগামী ৪ জুলাই শুরু হয়ে ৯ জুলাই পর্যন্ত চলবে এর আনুষ্ঠানিকতা । খামেনির নিজ শহর মাশহাদে কবরস্থ করে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে । অনেক দেশের প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি । তবে প্রধানমন্ত্রী যাচ্ছেন না এবং পরিবর্তে ভারত সরকারের কোন প্রতিনিধিকে ইরানে পাঠানো হবে বলে বলে খবর ।।
