এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ জুলাই : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঠিক ১০০ দিন পর তাঁর জানাজায় যোগ দিতে ইরান বিজেপি ও কংগ্রেস দলের সভাপতিদের আমন্ত্রণ জানিয়েছে। আগামী সপ্তাহে খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলীয় নেতা সালমান খুরশিদ, পবন খেরা এবং বিজেপি সভাপতি নিতিন নবীনকে আমন্ত্রণ জানিয়েছে।
কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রধান সালমান খুরশিদ বলেছেন,’৫ থেকে ৯ জুলাই পর্যন্ত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। কংগ্রেস সভাপতি ইরানে দলের প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছেন।’
বিগত তিন দশক ধরে ইরান শাসনকারী খামেনি ২৮শে ফেব্রুয়ারি, তেহরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রথম দিনেই নিহত হন।সংঘাতের কারণে মার্চ মাসে অনুষ্ঠিতব্য খামেনেইয়ের জানাজা স্থগিত করা হয়েছিল। এখন ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত জানাজা অনুষ্ঠিত হবে এবং ইরানসহ বিভিন্ন শহরে এক বিশাল শোভাযাত্রা বের হবে। এতে ১০ লক্ষের বেশি মানুষ অংশ নেবে বলে আশা করছে ইরান ।।
