এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর উধাও হয়ে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগরের প্রাক্তন দাপুটে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী । কিন্তু।শেষ রক্ষা হল না । আজ বুধবার দেবরাজকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ । তাকে কলকাতায় আনা হচ্ছে । আগামীকাল আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বলে খবর ।
দেবরাজ চক্রবর্তী এক সময় বিধাননগর পুরসভার প্রভাবশালী কাউন্সিলার হিসেবে পরিচিত ছিলেন।দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, জমি সংক্রান্ত অনিয়ম এবং প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠছিল। অভিযোগকারী হিসেবে সামনে আসেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি।দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন দেবরাজ। তিনি ও তাঁর বিধায়ক স্ত্রীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, তা গোপন করা এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি, নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগও উঠেছে অদিতির বিরুদ্ধে। তরুণজ্যোতির অভিযোগের ভিত্তিতেই একাধিক মামলা রুজু হয় এবং তদন্ত শুরু হয় ।
এই মামলার পর গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন দেবরাজ এবং তাঁর স্ত্রী, প্রাক্তন বিধায়ক ও সংগীতশিল্পী অদিতি মুন্সি। আদালত দেবরাজের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তবে অদিতি মুন্সি আগাম জামিন পান। আর আদালতের সেই নির্দেশের পর থেকেই কলকাতা থেকে উধাও হয়ে যান দেবরাজ ।
সূত্রের খবর, কয়েক দিন ধরে তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। মোবাইল টাওয়ার লোকেশন এবং গোপন সোর্সের মাধ্যমে খবর আসে যে, তিনি পুরুলিয়ার একটি গোপন ডেরায় লুকিয়ে রয়েছেন। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অবশেষে আজ বুধবার পুরুলিয়া থেকে তাঁকে আটক করে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।।
