এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৮ জুন : খাদ্য সামগ্রী থেকে চিকিৎসা পরিষেবা, ভারতের উপর ঠিক কতটা নির্ভরশীল বাংলাদেশ তার প্রমান পাওয়া গেল আজ রবিবার বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলিতে ৷ বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছরের মাথায় আজ থেকে আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত । আর ভারত ট্যুরিস্ট ভিসা চালু করতেই ভিসা আবেদন কেন্দ্রগুলিতে মানুষের ঢল নেমেছে ৷ যারা এতদিন “দিল্লি না ঢাকা” শ্লোগান দিচ্ছিল, ভারতীয় জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের অবমাননা করছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালাগালি করছিল, তাদেরই আজ দেখা গেল ভারতের ভিসার জন্য তীর্থের কাকের মত অপেক্ষা করতে৷
আজ থেকে বাংলাদেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) পর্যটন ভিসার আবেদন নেওয়া হচ্ছে। আবেদন অনলাইনে করা হয়।নোয়াখালীর বেগমগঞ্জের মুসলিম তরুণ ইমরান হোসেন ইউরোপের দেশ রোমানিয়ায় যেতে চান। কিন্তু রোমানিয়ার দূতাবাস ঢাকায় নেই। সাক্ষাৎকারসহ দেশটির ভিসাসংক্রান্ত যাবতীয় কাজ করতে হয় ভারতের রোমানিয়ান দূতাবাসে গিয়ে। এই কাজেই ভারতে যেতে চান তিনি। ইমরান বলেন,’ভারতের ভিসা পেলেই তিনি দেশটিতে রোমানিয়ার দূতাবাসে গিয়ে ভিসাসংক্রান্ত কাজ শেষ করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আগে সহজে ভারতে যাওয়া যেত। ভিসা পেতে অসুবিধা হতো না। মাঝে বন্ধ থাকায় অসুবিধা হয়েছে। এখন আবার ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় ভালো হয়েছে।’
কুমিল্লার চান্দিনা থেকে ভিসার আবেদন জমা দিতে এসেছেন রাজিয়া সুলতান নামে এক মুসলিম মহিলা । স্বামী ওবায়দুল্লাহকে নিয়ে ৩২ বছর বয়সী এই নারী ভারতে আসতে চান চিকিৎসার জন্য । তিনি বলেন, ‘সাত দিন আগে মেডিক্যাল ভিসার জন্য আবেদন করেছি। আজকে স্লট ছিল। সে জন্য আজকে আবেদনপত্র জমা দিতে এসেছি।’
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা করেন৷ দীনেশ ত্রিবেদী জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রগুলোয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রে এই সেবা চালু করা হতে পারে।।
