এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ জুন : ভোট-পরবর্তী হিংসার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার ভাতারের ২ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মানিক ঘোষ এবং নজরুল সেখ। মানিক ঘোষের বাড়ি ভাতারের নাসিগ্রামে। তিনি বড়বেলুন-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ভাতার পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ।ভাতারের খুন্না গ্রামের বাসিন্দা নজরুল সেখ বড়বেলুন-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য । আজ শনিবার ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় “চোর চোর” শ্লোগান তোলেন বহু মানুষ৷
ধৃতদের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং পরিবারের মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে । শুধু তাইই নয়,ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের কাছ থেকে বিরোধী দল করার অপরাধে মোটা অঙ্কের টাকা আদায় করার অভিযোগও উঠেছে ।
জানা গেছে,মানিক ঘোষের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন নাসিগ্রামের বাসিন্দা বিজেপি কর্মী তাপস ঘরুই । অন্যদিকে খুন্না গ্রামের বাসিন্দা এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নজরুল সেখ । মানিক ঘোষের বিরুদ্ধে শুধু ভোট পরবর্তী হিংসাই নয়,আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে ।।
