এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুন : মোক্ষম আইনি জটিলতায় ফেঁসে গেলেন পিসি মমতা ব্যানার্জি ও ভাইপো অভিষেক ব্যানার্জি । কলকাতা হাইকোর্টের গাইডলাইন উপেক্ষা করেই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়ে ২০২৫ সালের ২১ জুলাই শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় শহিদ দিবসের সভায় করায় আদালত অবমাননার মামলা দায়ের হয় তাদের বিরুদ্ধে । শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই হাই-প্রোফাইল মামলার শুনানি ছিল। শুনানির পর আদালত অবমাননার দায়ে তৃণমূলের শীর্ষ দুই নেতাকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই আইনি পদক্ষেপের ফলে দলের অন্দরে যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
আসলে ২০১৮ সালে রাজনৈতিক সভা ও মিছিল নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট কিছু নির্দেশ দিয়েছিল। সেই সময় বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ তৃণমূল-সহ রাজ্যের ৩৮টি রাজনৈতিক দলের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেছিল,কোনও রাজনৈতিক সভার জন্য শহরের বড় বা প্রধান রাস্তা পুরোপুরি বন্ধ করা যাবে না। রাস্তার একটি অংশ সবসময় সাধারণ মানুষের চলাচলের জন্য খোলা রাখতে হবে। এ ছাড়া অ্যাম্বুল্যান্স-সহ জরুরি পরিষেবার চলাচল যাতে বাধাপ্রাপ্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। যানজট এড়াতে বিকল্প রাস্তার ব্যবস্থাও রাখতে হবে এবং আগে থেকেই সেই তথ্য মানুষকে জানাতে হবে । কিন্তু গতবছর তৎকালীন শাসকদল আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে এবং ধর্মতলায় বিশাল জনসমাবেশ করে । যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ এখন মমতা ও অভিষেক আদালতের কাছে নিজেদের অবস্থান ও জবাব পেশ করতে হবে। কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিষেক ব্যানার্জিকে একের পর এক তলবের কারনে অস্বস্তিতে থাকা তৃণমূলকে এই মামলায় কলকাতা হাইকোর্ট নোটিশ জারি করায় বিড়ম্বনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে ।।
