এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,১৯ জুন : আসানসোলের সালানপুর এলাকায় অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে পুলিশ সালানপুর ব্লক তৃণমূল সহ-সভাপতি ভোলা সিং ওরফে বিজয় সিং-কে গ্রেপ্তার করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে বারাবানি বিধানসভা কেন্দ্রের পঞ্চগাছিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর সালানপুর থানা থেকে তাঁকে কুলটি থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার, পুলিশ তাঁকে আসানসোল জেলা আদালতে হাজির করে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ডিম হামার ভয়ে পুলিশ ভোলা সিংকে হেলমেট পরিয়ে আদালতে হাজিরা দিতে নিয়ে যায়।তদন্তকারী সংস্থাগুলি এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখছে।
বারাবনি বিধানসভা কেন্দ্রের অন্যতম অঞ্চল সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরই এলাকা ছাড়া হয়েছিলেন। তার দলীয় কার্যালয়ে ৪ মে বিকেলেই গনরোষ আছড়ে পড়ে । অনেকেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পুলিশের হাতে এলেও কবে কখন ভোলা সিং ধরা পড়বেন। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তাকে গ্রেফতার করল পুলিশ।
উল্লেখ্য , রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিম বর্ধমান ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বড় আকারের অবৈধ পাথর উত্তোলন এবং সিন্ডিকেটের অভিযোগ ক্রমাগত সামনে আসছিল। কয়েকদিন আগেই সালানপুর ব্লকের কল্যা জিৎপুর এলাকা থেকে চার পাথর কারবারিকে গ্রেফতার করেছিল পুলিশ। এছাড়াও অন্য কয়েকজনকে খুঁজছিল। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নানান তথ্য হাতে পায় সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। তবে ২০২১ ভোট পরবর্তী হিংসা বা রাজনৈতিক অন্য কোন বড় অভিযোগ না থাকলেও সম্প্রতি ভোলা সিংকে অভিযুক্ত করে আরো কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। সেইসব মামলার কয়েকটিতে জামিনও পান । তবে শেষমেষ পাথর খাদান সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হল । পুলিশ জানিয়েছে যে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।।
