এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৮ জুন : প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম আর ড্রেনের দুর্গন্ধযুক্ত পাঁক ছুড়ে মারলেন ক্ষিপ্ত জনতা । আজ বৃহস্পতিবার উদয়নকে দিনহাটা মহুকুমা আদালতে তোলার সময় এই হামলা হয় । যদিও তাকে আগেভাগেই হেলমেট পরিয়ে রেখেছিল পুলিশ । পুলিশ উদয়নকে ডিম হামলা থেকে বাঁচাতে সক্ষম হলেও প্রিজন ভ্যান জুড়ে পচা ডিম আর ড্রেনের কাদা ছোড়ার কারনে গোটা এলাকা ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ।
কোচবিহারের দিনহাটার ( Dinhata ) প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো, দুর্নীতি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে । ভোটের ফলাফল প্রকাশের পরেই বোরখা পরে অ্যাম্বুলেন্সে চড়ে উধাও হয়ে গিয়েছিলেন তিনি । অবশেষে গতকাল কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । গতকালই ফুলবাগান থেকে তাঁকে দিনহাটা থানায় আনা হয় ।
আজ সকালে উদয়ন গুহকে দিনহাটা মহুকুমা আদালতে তোলার আগে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চরম বেগ পেতে হয় পুলিশকে । উদয়ন গুহকে ঘিরে কার্যত গনরোষ আছড়ে পড়ে । হাজার খানেক মহিলা ও পুরুষ জড়ো হয়ে “চোর চোর” শ্লোগান দেয় । পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে কার্যত হিমসিম খেতে হয় । ডিম হামলা থেকে বাঁচাতে উদয়নের মাথায় হেলমেট পরায় পুলিশ । কিন্তু ক্ষিপ্ত জনতা তাকে নাগাল না পেয়ে প্রিজন ভ্যান লক্ষ্য করে পচা ডিম ও ড্রেনের পাঁক ছুড়ে মারে । পরিস্থিতি এতটাই ঘোরালো ছিল যে প্রিজন ভ্যানের চালককে পর্যন্ত হেলমেট পরে থাকতে দেখা গেছে ।।
