এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৭ জুন : উত্তর প্রদেশের বাদাউন জেলার উসাওয়ান থানা এলাকায়, এক মুসলিম নারী সনাতন ধর্মে ফিরে এসে মন্দিরে তাঁর হিন্দু প্রেমিককে বিয়ে করেছেন। পুলিশের তত্ত্বাবধানে এবং উভয় পক্ষের সম্মতিতে খাতুশ্যাম মন্দিরে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ওই নারী তাঁর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে চলে যান।
প্রতিবেদন অনুসারে, উসাওয়ান এলাকার বাসিন্দা অতুল এবং অন্য গ্রামের হীরা নাজমি (নাজভি) গত চার বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। প্রায় ছয় মাস আগে তাঁরা আদালতে বিয়ে করেন, কিন্তু ওই নারী তাঁর বাবা-মায়ের বাড়িতেই থাকতেন। সম্প্রতি, অতুল আইজিআর পোর্টালে একটি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি জানান যে তাঁর স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠানো হচ্ছে না। ওই নারীর পরিবারও অতুলের বিরুদ্ধে তাঁকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার অভিযোগ তোলে।
বিষয়টি থানায় পৌঁছালে পুলিশ আলোচনার জন্য উভয় পক্ষকে ডেকে পাঠায়। থানায় মহিলা নিজেকে প্রাপ্তবয়স্ক বলে ঘোষণা করেন এবং নিজের ইচ্ছায় অতুলের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তিনি তার নাম পরিবর্তন করে “হিমাংশী” রাখেন এবং সনাতন ধর্মে ধর্মান্তরিত হওয়ার ঘোষণা করেন ।
পুলিশের উপস্থিতিতে খাতুশ্যাম মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী বিবাহটি সম্পন্ন হয়। হিমাংশী জানান যে তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন এবং হিন্দুধর্মের প্রতি তার বিশ্বাস রয়েছে। হিমাংশী বলেন, “আমি আমার প্রেমিকের জন্য ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করেছি এবং আমি সুখী হতে চাই।”
