এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জুন : এবারে “ডিম থেরাপি”র মুখে পড়তে হল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে । আজ সোমবার বিকেলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বাড়ি থেকে বের হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একেবারে সামনে থেকে কুণালের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয় ।ডিমটি সরাসরি কুণালের মাথা আঘাত করে ফেটে যায় । চন্দন নামে স্থানীয় এক যুবক ডিমটি ছোড়েন বলে জানা গেছে । ডিম ছোড়ার পর যুবক চিৎকার করে বলেন,’অনেক অত্যাচার করেছেন উনি, এটা ওনার প্রাপ্য ছিল।’ এরপরই তিনি দ্রুত পালিয়ে যান। ঘটনার প্রতিক্রিয়ায় তৃণমূলের আর এক সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন,’হম লোগ ডেঞ্জার মে হ্যায়। পুলিশ কুছ নেহি কর রহা হ্যায়’ ।
প্রসঙ্গত,রাজ্য জুড়ে তৃণমূলের বিধায়ক ও নেতারা ডিম হামলার শিকার হচ্ছেন । খোদ তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির উপর একপ্রস্ত ডিম হামলা হয়ে গেছে । দিন দুয়েক আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি মামলায় কৃষ্ণনগর আদালতে হাজিরায় আসার কথা থাকলে বেশ কিছু মহিলাকে তাকে মারার জন্য ডিম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । পরের দিন একটা ভিডিও বার্তায় ওই মহিলাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেন মহুয়া ।
আজ ডিম হামলার পর কুণাল ঘোষ আক্ষেপ করে বলেন,’আমি নিরস্ত্র অবস্থায় কথা বলছিলাম। দু’জন যুবক আমার হাতের কাছেই ছিল। হঠাৎ একজন ডিম ছুড়ে পালিয়ে গেল। কেউ প্রতিবাদ করল না বা ধরার চেষ্টাও করল না।’ তিনি বলেন,’মমতাদির বাড়ির মাত্র ১০ মিটারের মধ্যে এমন ঘটনা কী করে ঘটে ? নিরাপত্তা কোথায়?’
