এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৫ জুন : শিলিগুড়িতে অবৈধভাবে নির্মিত তিন তলা হোটেলে চললো বুলডোজার । ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের (এনবিএসটিসি) একাংশের জায়গা দখল করা হয়েছিল । এনবিএসটিসি’র অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে আজ সোমবার অবৈধ অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে ফেলা হয় । শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত বিশ্বদীপ সিনেমা হল সংলগ্ন এনবিএসটিসি বাস ডিপোর কাছে রয়েছে তিনতলা ভবন বিশিষ্ট ওই হোটেলটি । হোটেলের ভবনের একাংশ এনবিএসটিসি’র কিছুটা জায়গা দখল করে অবৈধ নির্মিত হয়েছিল বলে অভিযোগ । এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল।অভিযোগ, এনবিএসটিসি’র প্রায় এক ফুট পরিমান জমি ওই হোটেল ভবনের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে । বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । দীর্ঘদিন আদালতে মামলা চলে ।
জানা গেছে,প্রায় তিনমাস আগে হোটেল মালিককে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য নোটিশ দেয় পুরনিগম। কিন্তু তারপরেও হোটেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ সকালে পুরনিগমের তরফে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। হোটেল মালিক মুকেশ পোদ্দার জানান, কয়েক বছর আগে এনবিএসটিসি’র এক ফুট জায়গার জন্য অভিযোগ দায়ের করেছিল।সেই অভিযোগের পর দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও, এনবিএসটিসি কর্তৃপক্ষ তা মানেনি।আজ কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ভবনের প্রায় ৬ ফুট অংশ ভেঙে দেওয়া হয়েছে।পুরনিগমের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন যে এনিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন ।।
