এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ জুন : তিন দিনের ভারত সফর করার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের । কিন্তু তিনি রবিবার তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এলে সিকিউরিটি চেকিং করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ । তার নাম ‘নজরদারি তালিকায় ’(ওয়াচলিস্ট) থাকায় তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য থামানো হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু এই প্রক্রিয়ায় ঘন্টা খানেক বিলম্ব হওয়ায় চরম গোঁসা হয় জাহেদ উর রহমানের । একারনে সফর বাতিল করে তিনি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ।
জানা গেছে,একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়। সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে আগেই অপসারণ করা হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম সেখানে থেকে যায়। ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে দু’দেশের কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে তার নাম কী কারণে ওই ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত হয়েছিল এবং তা কেন এখনো অভিবাসন বিভাগের নথিতে সক্রিয় ছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ।।

