এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ জুন : পশ্চিমবঙ্গে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে । মোট ৮০ জন বিধায়ক ও ২৮ জন সাংসদদের মধ্যে সিংহভাগই এখন বিদ্রোহী গোষ্ঠীতে নাম লিখিয়েছে । তবে চমকপ্রদ ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জিকে৷ তিনি নিজে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিলেও তার স্ত্রী নয়না ব্যানার্জি থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। একথা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী সুদীপ নিজেই । তিনি জানান, তাঁর সহধর্মিণী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। একই সঙ্গে সুদীপ বলেছেন, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসেই থাকছেন তার স্ত্রী নয়না এবং বিধানসভায় দলের সঙ্গে থেকেই দায়িত্ব পালন করবেন। আরও স্পষ্ট করে তিনি বলেছেন, ‘শোভনদেব চট্টোপাধ্যায় যেমন দলনেতা হিসেবে থাকবেন, তেমনই নয়না উপ- দলনেত্রী হিসেবেই বিধানসভায় নিজের দায়িত্ব পালন করবেন।’
এদিকে আজ রবিবার সন্ধ্যা ৭টায় নয়াদিল্লিতে বিক্ষুব্ধ সাংসদ-বিধায়কদের বৈঠক ও নৈশভোজের আয়োজন করা হয়েছে । ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । বিক্ষুব্ধ সাংসদ-বিধায়কদের বৈঠক ও নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সুদীপকে নিয়ে এযাবৎ বিক্ষুব্ধ সাংসদের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে । শোনা যাচ্ছে যে আরও দুই তৃণমূল সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিতে চলেছেন এবং তাদের ওই বৈঠক ও নৈশভোজেও যোগ দিতে পারেন ।।
