এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১১ জুন : বুধবার রাত থেকে ইরানের রাজধানী তেহরান ও তার আশেপাশের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে মার্কিন বিমান বাহিনী । পশ্চিম আলবোর্জ প্রদেশ এবং পূর্ব কাজভিন প্রদেশ থেকে প্রাপ্ত অসংখ্য প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা গেছে যে, স্থানীয় সময় ০৩:২০ থেকে ০৩:৪৫-এর মধ্যে একটানা বিমান হামলা চালানো হয়েছে। হাশতগের্দ, নাজারাবাদ, সাভোজবোলাঘ, সোহিলিয়েহ, এশতেহার্দ এবং আবিয়েকের বাসিন্দারা পাঁচ থেকে দশটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন তারা । এই বিস্ফোরণগুলোর অভিঘাত এতটাই তীব্র ছিল যে তা বহু দূর পর্যন্ত ঘরবাড়ি কাঁপিয়ে দেয় এবং বাসিন্দাদের ঘুম ভাঙিয়ে দেয়।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী আকাশে আলোর ঝলকানি দেখেছেন এবং ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের মতো একটানা শব্দের পর প্রচণ্ড বিস্ফোরণের বর্ণনা দিয়েছেন। একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে যে, বিস্ফোরণগুলো এশতেহার্দ এবং তেহরানের পশ্চিম দিক থেকে ঘটেছে। সঠিক লক্ষ্যবস্তু এখনও অজানা, তবে বিস্ফোরণের তীব্রতা এবং পুনরাবৃত্তি থেকে বোঝা যায় যে, ইরানের রাজধানীর পশ্চিমে অবস্থিত সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে একটি বড় আকারের হামলা চালানো হয়েছে।
জানা গেছে,বুধবার ইরানে ৪৯-টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার মধ্যে কয়েকটি তেহরান থেকে ৪০ মাইল দূরে আঘাত হেনেছে — হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত হওয়া অ্যাপাচি বিমানের ওপর হামলার পর এটি ছিল দ্বিতীয় দিন। হেগসেথের ভাষ্য: “যদি বোমা দিয়ে আলোচনার প্রয়োজন হয়, আমরা বোমা দিয়েই আলোচনা করব।” যদিও ৮ এপ্রিলের যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর রয়েছে।।
