এইদিন স্পোর্টস নিউজ,০৮ জুন : উত্তরাখণ্ডে আয়োজিত সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে ৩৬টি পদক নিয়ে এল বাংলার মেয়েরা । তাদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রুপো জিতেছে পূর্ব বর্ধমান জেলার অয়ন্তিকা সাহা । ১০ বছর ও অনুর্ধ ৪০ কেজি মহিলা কুমি বিভাগে সে রৌপ্য পদক জয়লাভ করে । ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুর প্রতিপক্ষকে হারিয়ে পরপর চারটি বাউট জেতে অয়ন্তিকা । ফাইনালে অসমের প্রতিযোগীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেও শেষ পর্যন্ত পরাজিত হয় সে । বর্ধমান ক্যারাটে-ডো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডলের কাছে প্রশিক্ষণ নেয় অয়ন্তিকা । গর্বিত প্রশিক্ষক দেবাশীষবাবু বলেন, ‘জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অয়ন্তিকার এই সাফল্যে আমরা সকলে খুব গর্বিত ও আনন্দিত। পূর্ব বর্ধমান জেলা থেকে এবারের অফিসিয়াল জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অয়ন্তিকাই কেবল সুযোগ পেয়েছিল। ২০২৩ সালেও অয়ন্তিকা জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছিল।’ তিনি আরও বলেছেন,’এই ছোট্ট বয়সে অয়ন্তিকার এই প্রকার লড়াকু মনোভাব সত্যিই প্রশংসনীয়।’

গত ৪ থেকে ৭ জুন উত্তরাখণ্ডের দেরাদুনের প্যারেড গ্রাউন্ডের মাল্টি পারপাস হলে বসেছিল “কেআইও সাব জুনিয়র, ক্যাডেট ও জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬”-এর আসর । পরিচালনায় ছিল ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন । দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করে । প্রতি বছরের মতো এবারেও জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার আগে রাজ্য ক্যারাটে সংস্থার উদ্যোগে দলের প্রতিটি প্রতিযোগীকে স্পনসরশিপ সহায়তা ও টিশার্ট প্রদান করা হয়, যা খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দেয়।।
