এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৫ জুন : এবারে ভারতে অনুপ্রবেশ করানোর জন্য নিজের দেশের প্রচুর মুসলিম সম্প্রদায়ের লোকজনদের জড়ো করল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি । শুক্রবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্তে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
জানা গেছে,চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৩৪ নম্বর পানিশালা সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া লাগোয়া জিরো পয়েন্টে প্রচুর বাংলাদেশি নাগরিক জড়ো হলে স্থানীয় ভারতীয়রা বিএসএফ-কে খবর দেয় । এরপর বিএসএফ এসে রুখে দাঁড়ালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। বিএসএফের কড়া বার্তা, সীমান্ত নিরাপত্তায় কোনো আপস নয়। বৈধ নথি ছাড়া কাউকে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
ঘটনার খবর ছড়াতেই সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রশাসন ও বিএসএফ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখতে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সীমান্তে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে।স্থানীয় ভারতীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বাংলাদেশি নাগরিকরা কেন আমাদের এলাকায় অনুপ্রবেশ করবে? এই এলাকা শান্তিপ্রিয়। আমরা কোনো অশান্তি চাই না। তারা বিএসএফ ও প্রশাসনের পাশে আছে বলে জানান । পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর। প্রসঙ্গত, দশকের পর দশক ধরে ভারতে সংসার ফেঁদে বসা অবৈধ বাংলাদেশি মুসলিমদের এখন নিতে অস্বীকার করছে বাংলাদেশ । প্রতিদিনই তারা সীমান্তে এনিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে । যদিও বিএসএফ তেমন আক্রমণাত্মক ভূমিকা না নেওয়ায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে ।।

