এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,০৫ জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেছেন যে, ভারতের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকারের ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই এটি বাস্তবায়িত হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা, অত্যাধুনিক প্রযুক্তি, স্থানীয় প্রশাসন এবং সীমান্তরক্ষী অন্তর্ভুক্ত থাকবে।
আজ ত্রিপুরার লঙ্কামুরা সীমান্ত চৌকিতে বিএসএফ কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন,’যেখানেই নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে, আমরা স্মার্ট সীমান্ত গড়ে তুলব। অত্যাধুনিক প্রযুক্তি, স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষীদের সমন্বয়ে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থাসহ শীঘ্রই স্মার্ট সীমান্ত চালু করা হবে ।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,’দেশের সাত থেকে আটটি জায়গায় পরীক্ষামূলক প্রকল্প হিসেবে স্মার্ট বর্ডারের ধারণাটি বাস্তবায়ন করা হবে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং বিএসএফ মহাপরিচালককে সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করে এ বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি ।’ তিনি বলেন যে, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ক্যামেরা, রাডার, সেন্সর, নজরদারি সরঞ্জাম এবং রিয়েল-টাইম মনিটরিং প্ল্যাটফর্মসহ উন্নত সীমান্ত অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে।
জানা গেছে,বিএসএফ পশ্চিমবঙ্গ সীমান্তের নির্বাচিত কিছু অংশে নজরদারি ক্যামেরা, সেন্সর ইত্যাদি সমন্বিত ‘এক সারির স্মার্ট বেড়া’ স্থাপন করবে ।শুধুমাত্র বাংলাদেশ সীমান্তের জন্য কেন্দ্রীয় সরকার ১৩,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে । এই স্মার্ট ও ডিজিটাল সীমান্ত বেড়ার জন্য ইসরায়েলের সহায়তা চাওয়া হবে। এই স্মার্ট বেড়াটি হবে সম্পূর্ণ উচ্চ-ভোল্টেজ বৈদ্যুতিক এবং স্মার্ট। এছাড়াও, লেজার ও সিসিটিভি নজরদারির মাধ্যমে সীমান্তটি নিয়ন্ত্রণ করা হবে ।।
