এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ মে : সব হম্বিতম্বি শেষ! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর “সব হিসাব হবে” হুঙ্কার দেওয়ার পর ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ফলতা বিধানসভার তৃণমূল প্রার্থী স্বঘোষিত বাহুবলী ছবির “পুষ্পা” জাহাঙ্গির খান। আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি । শুধু তাইই নয়,তার গলায় শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা । এদিকে আজ ফলতায় র্যালিতে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি । আজ বলছে আমি ভোটে লড়ব না । পুষ্পা পগাড় পার ।’
উল্লেখ্য, আগামী ২১ মে ফলতা বিধানসভার পুনঃনির্বাচন । মাঝে আর একটা দিন । মনোনয়ন প্রত্যাহারের দিনও অতিক্রান্ত । ফলে এই আসনে তৃণমূল কংগ্রেস আর নতুন করে কোনো প্রার্থী দিতে পারবে না । সেই কারনে জাহাঙ্গির খানের এই ঘোষণায় বিজেপিকে কার্যত ওয়াকওভার দিয়ে দেওয়া হল বলে মনে করছেন অনেকে ।
দিন দুয়েক আগেই ফলতায় দলীয় প্রার্থী দেবাংশু পান্ডা-র সমর্থনে নির্বাচনী জনসভা করেন শুভেন্দু অধিকারী । সেই সভায় তিনি ঘোষণা করেন, জাহাঙ্গির খানের বিরুদ্ধে যত এফ আই আর হয়েছে তার সব হিসাব হবে । তার আগে আজ জাহাঙ্গির খান বলেছেন, ‘আমি চাই ফলতায় শান্তি থাকুক, সুস্থ থাকুক। অনেক উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটা আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। আগামী ২১ মে পুননির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তাই নিজেকে সরিয়ে নিচ্ছি’।
প্রসঙ্গত,তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জির কথিত ‘ডায়মন্ডহারবার মডেল’ এর অন্যতম স্তম্ভ ফলতার জাহাঙ্গির খান । এতদিন জাহাঙ্গির গোটা এলাকা জুড়ে কার্যত ত্রাসের সৃষ্টি করে রেখেছিল বলে অভিযোগ । এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে ভোট করা থেকে শুরু করে হিন্দুদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । যেকারণে ভোটের আগে উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টার স্পেশার ও ‘সিংহম’ বলে পরিচিত অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে পাঠায় নির্বাচন কমিশন। তিনি জাহাঙ্গিরের বাড়ির সামনে গিয়ে তাকে সতর্কও করে দিয়ে আসেন । কিন্তু অজয় পাল শর্মার হুঁশিয়ারির পরেও জাহাঙ্গির বলেছিলেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি।’ ইতিমধ্যে বিজেপির কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়ে গেছে তার দল তৃণমূল কংগ্রেস । পাশে নেই পুলিশ । নেই সুপ্রিমো মমতা ব্যানার্জি ও গুরু অভিষেক ব্যানার্জিও । এদিকে ২০২১ সালের ভোটে রাজ্য জুড়ে সন্ত্রাস করা তৃণমূল নেতাদের বিরুদ্ধে দায়ের করা এফ আই আর এর ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে তৃণমূল নেতারা ৷ পুরনো মামলায় জাহাঙ্গিরের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে । যদিও গ্রেপ্তারি এড়াতে তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিন নিয়ে রেখেছেন । কিন্তু আদালতের দেওয়া সেই রক্ষাকবচ-এর সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় শুভেন্দু অধিকারীর বন্দনার পথ বেছে নিলেন ফলতার ‘পুষ্পা’৷।
