এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ মে : সিবিআই-এর চারটি মামলার ক্ষেত্রে আগের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার আটকে রেখেছিল। চার্জশিট দিয়ে প্রসিকিউশনের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সিবিআই বা অন্যান্য তদন্তকারী সংস্থাদের অনুমতি নিতে হয় । কিন্তু মমতা ব্যানার্জি অনুমতি দেননি বলে অভিযোগ । অবশেষে তিনটি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে সিবিআইকে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ আজ বুধবার তিনি সাফ জানিয়ে দিলেন, এখন থেকে দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে আর রাজ্য সরকারের আলাদা অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না সিবিআই-কে।
শুভেন্দু অধিকারী জানান, বিগত সরকার দুর্নীতির একাধিক তদন্তের কাজ সুকৌশলে আটকে রেখেছিল। নিয়ম অনুযায়ী, আদালতের নির্দেশে তদন্তকারী সংস্থা কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে চাইলে রাজ্যের অনুমোদনের প্রয়োজন হতো। সেই সুযোগ নিয়ে গত চার বছর ধরে সিবিআই-এর চারটি গুরুত্বপূর্ণ মামলার অনুমোদন ঝুলিয়ে রাখা হয়েছিল। এদিন সেই সমস্ত ফাইল থেকে জট সরিয়ে কেন্দ্রীয় সংস্থাকে অবাধ তদন্তের সবুজ সংকেত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার । দায়িত্ব নেওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে নিয়েছেন একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত । এবারে প্রশাসনের অন্দরে লুকিয়ে থাকা দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে নিলেন কঠোর সিদ্ধান্ত । শুভেন্দু অধিকারীর সরকারের এই সাহসী পদক্ষেপকে সাধারণ মানুষ স্বাগত জানালেও, আমলা মহলে এখন চাপা উদ্বেগ।।
