এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ মে : দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। বিজেপি বিধায়ক তরুনজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে লিখেছেন,’সুজিত বোস গ্রেপ্তার হয়েছে পৌর নিয়োগ দুর্নীতি মামলায়। দক্ষিণ দমদম পৌরসভার আরো অনেকে গ্রেফতার হবে। দেবরাজ চক্রবর্তী হাত গোনা শুরু করুক। জেলের ভাত কপালে আছে।’
এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের সল্টলেকের অফিসে হানা দিয়েছিল ইডি । সেখানেই ডাস্টবিন থেকে ইডি একটা চিরকূট উদ্ধার করে৷ সেখানেই পুর-দুর্নীতির একাধিকে তথ্য উঠে আসে তদন্তকারীদের সামনে। সেই সূত্রে সুজিত বসুকে তলব করে ইডি । সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি । প্রায় সাড়ে ১০ ঘন্টা জেরা করার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় । সুজিতের বিরুদ্ধে পুর নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে ।।
