এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১১ মে : বাংলাদেশের চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার দেওয়ানজী পুকুরপার এলাকায় নিজ বাড়ি থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। নিহত পলি পটিয়া উপজেলার পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে তারা ওই শিক্ষিকার ঘরের দরজা দীর্ঘ সময় ধরে খোলা যাচ্ছে না বলে খবর পান।পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ওই শিক্ষিকার লাশ মেঝেতে পড়ে আছে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তবে লাশে কিছুটা পচন ধরায় তিনি কয়েকদিন আগে মারা গেছেন বলে মনে করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যমতে, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং ওই বাড়িতে একা বসবাস করতেন। তার বাবা মারা গেছেন এবং মা বিদেশে থাকেন। গত শনিবার থেকে তার সঙ্গে পরিবারের অন্য সদসারা যোগাযোগ করতে পারছিলেন না।।
