এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ মে : মন্দিরের জমি দখল করে তৃণমূল কার্যালয় গড়ে তোলার অভিযোগকে উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংরেজবাজার থানার বাহান্নবিঘা এলাকায় । গ্রামবাসীদের অভিযোগ,তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরপরই ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন মন্দিরের জায়গা জবরদখল করে ভোগদখল করতে শুরু করেন। এমনকি মন্দিরের জায়গায় ক্লাবঘর তৈরি করে সেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম শুরু হয়। আজ রবিবার গ্রামবাসীরা ওই ‘দেবোত্তর সম্পত্তি’ পুনরুদ্ধার করতে এলালায় জড়ো হলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজ বাজার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।পুলিশ গ্রামবাসীদের আইন নিজের হাতে না তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিস্থিতি শান্ত করে ।
জানা গেছে,ইংরেজ বাজার থানার বাগবাড়ি ৫২ বিঘা এলাকায় প্রায় ২৪ বিঘা পরিমান দেবোত্তর সম্পত্তি রয়েছে ৷ গ্রামবাসীদের অভিযোগ,২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই ওই জায়গাটি তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন গায়ের জোরে দখল করে নেয় । এমনকি মন্দিরের জায়গায় ক্লাবঘর তৈরি করে সেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম শুরু হয়। এতদিন গ্রামবাসীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখতে বাধ্য করা হয় ।
জানা গেছে,বিধানসভার ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর থেকেই বাহান্নবিঘা এলাকার বাসিন্দারা জবরখল হওয়া জায়গা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হয় । তাদের সঙ্গে যোগ দেয় বর্তমান শাসকদল বিজেপিও । আজ সকলে জোট বেঁধে ওই জায়গা জবরদখল মুক্ত করতে উদ্যোগী হলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । তবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যথাসময়ে হস্তক্ষেপে পরিস্থিতির অবনতি হয়নি । যদিও অভিযোগ অস্বীকার করে বিশ্বজিৎ সেন দাবী করেন যে ওই জায়গা মন্দিরের নয়। এক ইটভাটা মালিকের। সেই মালিকের কাছে তিনি জমি লিজে নিয়ে চাষবাস করছেন।।
