পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১০ মে : পূর্ব বর্ধমান জেলার কালনায় এক বিজেপি কর্মীর শিশুপুত্রকে বাড়ি থেকে অপহরণের চেষ্টার ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে এলাকায় । যদিও শিশুর মায়ের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পেয়ে যায় সাড়ে তিন বছরের ওই শিশুটি । শনিবার রাতের ওই ঘটনার পর আজ রবিবার সকালে এনিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির বাবা সৌভিক গোস্বামী । এদিকে এই ঘটনায় শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর । বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সমগ্র এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে ।
জানা গেছে,কালনা-২ ব্লকের বাদলা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারকোন গ্রামে বাড়ি সৌভিক গোস্বামীর । বাড়িতে আছেন স্ত্রী ও সাড়্ব তিন বছরেরএকমাত্র শিশুসন্তান আবীর । সৌভিকবাবুর ডাকনাম “নকা” । ঘটনাটি ঘটে শনিবার রাত্রি প্রায় সাড়ে ৮ টা নাগাদ ৷ সেই সময় সৌভিকবাবু গ্রামের একটি চায়ের দোকানে বসে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন । তিনি বলেন,
‘এক বাইক আরোহী যুবক বাড়ির সামনে এসে প্রথমে হর্ণ বাজাতে শুরু করে ৷ তখন বাড়ির সদর দরজা খোলাই ছিল । আমার স্ত্রী তখন রান্না করছিলেন । সেই কারনে তিনি ততটা গুরুত্ব দেননি । এদিকে কেউ বের হচ্ছে না দেখে ওই যুবক আমার ডাকনাম ধরে ডাকতে থাকে । তখন আমার স্ত্রী বাড়ির বারান্দায় এসে দেখেন যে এক যুবক বাইকে বসে বসেই আমার নাম ধরে ডাকছে । আমার স্ত্রী কারন জিজ্ঞেস করলে সে বলে যে “নকাদা তার ছেলেকে আমায় নিয়ে যেতে বললো” । একথা শুনে আমার স্ত্রীর সন্দেহ হয় । স্ত্রী কারন জিজ্ঞাসা করে । যুবক কোনো সদুত্তর দিতে না পারায় ঘরে এসে ফোন করে আমায় ঘটনার কথা জানায় । আমি দ্রুত বাড়ি চলে আসি । তার আগেই ওই বাইক আরোহী যুবক পালিয়ে ।’
আজ রবিবার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর পুলিশ ফাঁড়িতে ছেলেকে সাথে নিয়ে এসে একটা লিখিত অভিযোগ দায়ের করেন সৌভিক গোস্বামী । তাদের সঙ্গে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্বও । তারা বাইক আরোহীকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান । বিজেপির কালনা-১ মন্ডলের সভাপতি পার্থপ্রতিম দাঁ’য়ের বলেন,’যে বাড়ির শিশুকে অপহরণের চেষ্টা করা হয়, ওই বাড়ি থেকেই ২০১৩ সালে এলাকায় বিজেপির উত্থান হয়৷ এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কাজকর্ম ওই পাড়া থেকেই শুরু হয় । সেই কারনে ওই বাড়ির উপর বরাবর টার্গেট ছিল ।’ তার অভিযোগ, ‘বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের পর প্রতিশোধ নিতেই তৃণমূলের লোকেরা সৌভিক গোস্বামীর শিশুসন্তানকে অপহরণের চেষ্টা করেছিল বলে আমার স্থির বিশ্বাস । পুলিশ অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম সাজা দিক,থানার আইসির কাছে আজ এই আবেদন জানিয়েছি ।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।।
