একটি নতুন গবেষণা অনুসারে, ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বৈবাহিক জীবন । মার্কিন যুক্তরাষ্ট্রে চল্লিশ লক্ষেরও বেশি ক্যান্সারের ঘটনা পর্যালোচনা করে করা এই গবেষণায় দেখা গেছে যে, বিবাহিতদের তুলনায় অবিবাহিতদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
ক্যান্সার রিসার্চ কমিউনিকেশনস জার্নালে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা অনুসারে, অবিবাহিত পুরুষদের মধ্যে ক্যান্সারের হার বিবাহিত পুরুষদের তুলনায় প্রায় ৬৮ শতাংশ বেশি। নারীদের ক্ষেত্রে এই পার্থক্য আরও প্রকট, যেখানে অবিবাহিত নারীদের ক্যান্সার হওয়ার ঝুঁকি ৮৩ শতাংশ বেশি।
গবেষকদের মতে, এই পার্থক্যের একটি কারণ হতে পারে যে বিবাহিত ব্যক্তিদের অর্থনৈতিক স্থিতিশীলতা বেশি থাকে এবং তাদের পারস্পরিক সমর্থন ব্যবস্থাও শক্তিশালী হয়। এছাড়া স্বামী-স্ত্রীরা একে অপরকে স্বাস্থ্যের যত্ন নিতে, ডাক্তারের কাছে যেতে এবং চিকিৎসা চালিয়ে যেতে উৎসাহিত করে থাকেন।
এই সমীক্ষায় ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ৩০ বছরের বেশি বয়সী ১০ কোটিরও বেশি মানুষের তথ্য পর্যালোচনা করা হয়েছে। এদের মধ্যে প্রায় ২০ শতাংশ ছিলেন অবিবাহিত।
গবেষণার ফলাফলে দেখা গেছে যে, সবচেয়ে বড় পার্থক্যগুলোর কয়েকটি প্রতিরোধযোগ্য ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায়, যার মধ্যে সংক্রমণ বা তামাক ও অ্যালকোহল ব্যবহারের মতো অভ্যাসের সাথে সম্পর্কিত ক্যান্সারগুলোও অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, অবিবাহিত পুরুষদের মধ্যে মলদ্বারের ক্যান্সারের হার পাঁচ গুণ বেশি এবং অবিবাহিত মহিলাদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সারের হার তিন গুণ বেশি। উভয় ক্যান্সারই হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)-এর সাথে সম্পর্কিত।
বিশেষজ্ঞরা বলেন, বিবাহিত ব্যক্তিরা সাধারণত স্বাস্থ্যকর জীবনযাপন করেন, কম ধূমপান ও মদ্যপান করেন এবং প্রতিরোধমূলক যত্নের প্রতি বেশি মনোযোগ দেন।
তবে, গবেষকরা জোর দিয়ে বলেন যে এই সংযোগ স্থায়ী নয়। তারা বলেন যে সম্পর্কের গুণমান এবং বৈবাহিক সম্পর্কের বাইরে সামাজিক সমর্থনের উপস্থিতি একজন ব্যক্তির স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।।
