এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ এপ্রিল : রাত পোহালেই রাজ্যের প্রথম দফার ভোট । প্রথম দফায় মোট ১৫২টি আসনের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম । যেখানে এবারেও লড়াই করছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি এবারে তিনি কলকাতার ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছেন । দুটি আসনেই জয়ের বিষয়ে চরম আত্মবিশ্বাসী শুভেন্দু । কিন্তু নন্দীগ্রামে তৃণমূলের তুলনামূলকভাবে দুর্বল প্রার্থীর বিরুদ্ধে শুভেন্দুর জয়ের বিষয়ে অনেকে একপ্রকার নিশ্চিত হলেও ভবানীপুরে খোদ তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ফলাফল নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে আছেন । তবে ভোটের অঙ্ক কষে শুভেন্দু জানিয়ে দেন যে কেন তিনি ভবানীপুরে নিজের জয়ের বিষয়ে এতটা আত্মবিশ্বাসী । আজ বুধবার রাতে ভবানীপুর বিধানসভার ক্যামাক স্ট্রিটের পথসভায় ভাষণে ভোটের সমীকরণ তুলে ধরে তিনি বলেন,’ভবানীপুরের ভোটার লিস্ট সাফাই করে দিয়েছে নির্বাচন কমিশন৷ প্রথমে ড্রাফ্ট ভোটার লিস্টে ৪৫ হাজার নাম বাদ গেছে । ফাইনাল ভোটার লিস্টে ২ হাজার,এরপর অ্যাডজ্যুডিকেশনের পর ৫১ হাজার ভোটারের নাম নেই । এর মধ্যে বেশিরভাগ ফেক ভোটার, ডেথ ভোটার এবং অনুপ্রবেশকারী ভোটার৷ এই সমস্ত নাম মুছে দেওয়ায় ভবানীপুরে মমতা ব্যানার্জির জেতার কোনো সম্ভাবনা নেই ।’
তিনি বলেন,’এখন ভবানীপুর বিধানসভায় মোট ১ লাখ ৬০ হাজার ভোটার। তার মধ্যে ১ লাখ ২৫ হাজার সনাতনী ভোটার। আর বাকি ৩৫০০০ মমতা ব্যানার্জীর নিজের ভোট ব্যাংকের ভোট । আপনারা যদি এবারে আমাকে ৯০% খোলাখুলি ভাবে সমর্থন করেন তাহলে এখানে পদ্ম ফুল ফুটবে ।’
ক্যামাক স্ট্রিটে পথসভার আগে বিকেল থেকে কয়েক ঘন্টা ধরে শেক্সপিয়র সরণিতে বাড়ি বাড়ি প্রচার অভিযান চালান শুভেন্দু অধিকারী । যথারীতি তাকে ঘিরে সাধারণত মানুষের মধ্যে ছিল নজরকাড়ার মত উন্মাদনা৷ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ফুটপাতে দাঁড়িয়ে শুভেন্দুর প্রতীক্ষা করেন । তারা শুভেন্দুর সঙ্গে হাত মেলান । শেক্সপিয়র সরণির মানুষের মধ্যে শুভেন্দুকে ঘিরে এই প্রকার উন্মাদনা মমতার জন্য অশনিসংকেত বলে মনে করছেন অনেকে ।
তবে ক্যামাক স্ট্রিটে শুভেন্দু বলেন,’ভবানীপুরের কথা ছেড়ে দিন । আমি বিরোধী দলনেতা হিসেবে গোটা রাজ্যজুড়ে ঘুরছি । কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, সমস্ত জায়গায় পরিবর্তনের ঢেউ । সব জায়গাতে মোদীজির নাম নিয়ে গুঞ্জন । উন্নয়ন এবং প্রগতির হাতে এবারে বিজেপি সরকার ।’।
Author : Eidin Desk.
