এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩১ মার্চ : মালদা জেলার চাঁচল থানার শাহবাজপুর গ্রামের বাসিন্দা দাপুটে কংগ্রেস নেতা মর্তুজ আলমের ওপর মারাত্মক হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মর্তুজ আলম হলেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যা নাশেদা খাতুনের স্বামী ।
পরিবারের অভিযোগ,সোমবার রাত প্রায় ৯টা নাগাদ স্থানীয় তৃণমূল কর্মী রাজেশ ও মিরাজ সহ বেশ কয়েকজন তাদের বাড়ির সামনে জড়ো হয় । তারা মর্তুজ আলমকে তাঁর বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে । তারপর তারা ঘিরে ধরে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেধরক মারধর শুরু করে । মর্তুজ ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায় । এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । আক্রান্ত কংগ্রেস নেতার মাথা এবং চোখে গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে ।
খবর পেয়ে রাতেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান চাঁচলের কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি, চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহেবুব সহ অন্যান্যরা। তারা গোটা ঘটনায় শাসক দল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপের দাবী জানান। যদিও তৃণমূল নেতা তথা জেলাপরিষদের সরকারি সভাধিপতি রফিকুল হোসেন হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবী, কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে খরবা ফাঁড়ির পুলিশ।।
