পারমিতা দত্ত,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৭ মার্চ : মাস খানেক আগে ভিন সম্প্রদায়ের স্থানীয় এক যুবকের সাথে পালিয়ে যান বধূ । দিন চারেক আগে নিজেই স্বামীর বাড়ি ফিরে আসেন ৷ আর স্বামীর বাড়ি ফিরতেই ঘরের মধ্যে উদ্ধার হল ওই মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার কালেকাতলা-১ অঞ্চলের চাপাতলা-তিনপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতার নাম পিংকি দেবনাথ(২৭) । এই ঘটনায় মৃতার স্বামী প্রিয়লাল দেবনাথকে আটক করেছে । শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ।
জানা গেছে,চাপাতলা-তিনপাড়া এলাকার বাসিন্দা প্রিয়লাল দেবনাথ ও পিংকি দেবনাথের একটি শিশুপুত্র সন্তান রয়েছে । একই বাড়িতে পৃথক সংসারে পরিবার নিয়ে থাকেন প্রিয়লালের দাদা । পাশাপাশি দুটি ঘরের একটিতে প্রিয়লালের বৃদ্ধা মা থাকেন । অন্য ঘরে বসবাস করতেন প্রিয়লাল । প্রিয়লাল বাইরে কাজ করতেন৷ কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতেই রয়েছেন । অন্যদিকে তার স্ত্রী পিংকিদেবী পার্শ্ববর্তী গড়াগাছায় পরিচারিকার কাজ করতেন ।
জানা গেছে,দম্পতির মধ্যে কোনো কারনে প্রায়ই অশান্তি হত ৷ প্রতিবেশীদের মধ্যস্থতায় কয়েকবার মিটমাট-ও করা হয়। কিন্তু মাস খানেক আগে গড়াগাছার এক যুবকের সাথে পালিয়ে যান ওই মহিলা ৷ দিন চারেক আগে পুলিশ মহিলাকে তার স্বামীর বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসে ।
স্থানীয় যুবক বিশ্বরূপ মজুমদার বলেন,’আজ সকালে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে প্রিয়লাল জানান যে তার স্ত্রী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হয়েছেন । এরপর পাড়াপড়শিরা তার বাড়িতে গেলে শোবার খাটের নিচে মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ।’ জানা গেছে,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্বস্থলী থানার পুলিশ । পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । পাশাপাশি আটক করা হয় মৃতার স্বামীকেও । স্থানীয়দের একাংশের সন্দেহ যে পরকীয়া সম্পর্কের জেরেই মহিলাকে খুন করেছে তার স্বামী । যদিও পাশের ঘরে থাকা মৃতার বৃদ্ধা শাশুড়ী কিছু জানেননা বলে জানিয়েছেন । পুলিশ মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ।।
