এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,২৭ ফেব্রুয়ারী : মহম্মদ ইউনূস জমানার শেষ হলেও বিএনপি জমানাতেও হিন্দু নরসংহার অব্যাহত বাংলাদেশে । নিয়মিত ব্যবধানে একের পর এক হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটে চলেছে । এবারে চট্টগ্রাম নগরীতে আকাশ দাস নামে এক হিন্দু যুবককে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে । পেশায় কারখানার শ্রমিক আকাশ দাসকে বুধবার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরীর সাগরিকা বিটাক বাজারে প্রকাশ্যে খুন করে পালিয়ে যায় স্থানীয় কয়েকজন মুসলিম যুবক । নিহত আকাশ দাসের বাড়ি চট্টগ্রামের অলংকার মোড় সংলগ্ন ধোপাপাড়া এলাকায়।
জানা গেছে, আকাশ দীর্ঘদিন ধরে সাগরিকা বিটাক বাজার মোড়ের একটি খেলনা কারখানায় কাজ করতেন। সহকর্মীদের দাবি, একটি চক্র বেশ কিছুদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। আকাশ সেই দাবির প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। ঘটনার দিন রাতের খাবার খেয়ে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দেখেন, অভিযুক্তরা আরেকটি গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ওপর নৃশংস হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নগরীর এ কে খান মোড়ের আল-আমিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ,পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আকাশ দাসকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় জড়িতদের মধ্যে ইমন, নাজমুল, মহসিন, রাতুল, মন্নান, হৃদয় ও অন্তরসহ আরও কয়েকজন ছিল বলে জানা গেছে। তারা দলবেঁধে আকাশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
নিহতের পরিবার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আকাশের ভাই জানান, এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। পুলিশ হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে বলে জানা গেছে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ আকাশ দাসের মা-বাবা।।

