পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৬ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলায় ক্রমশ নিজের পায়ের তলার মাটি শক্ত করছে মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ূন কবিরের গড়া নতুন দল জনতা উন্নয়ন পার্টি(জেইউপি) । ফের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটব্যাংকে ভাঙন ধরাল হুমায়ুন কবিরের দল । আজ বৃহস্পতিবার পূর্বস্থলী উত্তরের নিমদহ পঞ্চায়েতের ধরমপুর গ্রামে অন্তত ২৫০ টি পরিবার জেইউপি-তে যোগদান করেছে বলে দাবি করা হচ্ছে । নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জনতা উন্নয়ন পার্টির রাজ্য কমিটির সম্পাদক তথা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষ । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলী,সহ-সভাপতি ফজলুল হক প্রমুখ ।
এদিন নিমদহ গ্রাম পঞ্চায়েতের ধরমপুরে বিশাল যোগদান কর্মসূচিতে স্থানীয় তৃণমূল নেতা সরকত শেখের হাত ধরে পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে জেইউপি-তে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাবান ঘোষ । বাবান ঘোষ বলেন, ‘তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য তেমন কিছুই উন্নয়ন করেনি। শুধু ভাঁওতা দিয়ে এসেছে। এরা তৃণমূলের ওপর ক্ষোভে ঘৃণায় আজ দল ছারলো। আর কিছুদিনের মধ্যেই এখানে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন তৃণমূল কর্মীরা জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিচ্ছে । আমি শুধু বলব, যে তোরা খালি দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি।’
দলত্যাগী তৃণমূল কর্মী রাজিব মন্ডল বলেন,’এখানে সমস্ত দুর্নীতিমূলক কাজ করছে তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জী। বিধায়ক ও তার সাঙ্গপাঙ্গদের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে, আমরা তৃণমূল ছেড়ে যেন জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলাম ৷’ প্রসঙ্গত,দিন কয়েক আগে পূর্বস্থলী উত্তর বিধানসভার কালেকাতলা-১ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়ায় প্রায় ২০০ মুসলিম পরিবার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছিল।।

