এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ ফেব্রুয়ারী : এক বন্ধুর ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মেয়েদের অশ্লীল বার্তা পাঠাচ্ছিল অপর বন্ধু । তার প্রতিবাদ করে বন্ধু ও বন্ধুর বাবার প্রাণঘাতী হামলার মুখোমুখি হতে হয় মালদা জেলার মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকার বাসিন্দা শেখ সোহেলকে(১৫) । গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । এদিকে তার মৃত্যুর খবর এলাকায় চাওড় হতেই ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা । স্থানীয়রা মৃতের ঘাতক বন্ধু আমরাজ ও তার সেখ ফিজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।
জানা গেছে, সোহেলের বন্ধু হল আমরাজ । দু’জনেই সাহেবনগর হাইস্কুলের পড়ুয়া । মৃতের পরিবারের অভিযোগ,বন্ধুত্বের সুযোগ নিয়ে সোহেলের ছবি ব্যবহার করে আমরাজ একটা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল । আর সেই অ্যাকাউন্ট থেকে সে গ্রামের মেয়েদের অশ্লীল বার্তা পাঠাচ্ছিল । ফলে অশ্লীল বার্তা পাওয়া মেয়েদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছিল সোহেলকে । মৃতের মা রুপালি বিবির কথায়,গত রবিবার সন্ধ্যা প্রায় ৭ টার সময় আমরাজের বাড়ি গিয়ে প্রতিবাদ জানায় তার ছেলে । আর সেই অপরাধে আমরাজ এবং তার বাবা দুজনকে মিলে সোহেলকে লাঠিসোটা ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ।
জানা গেছে,গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোহেলকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তার । অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত কিশোরের মা ।।

