এইদিন স্পোর্টস নিউজ,২২ ফেব্রুয়ারী : আজ রবিবার গুজরাটের আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৭৬ রানে হারিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের বিশাল রান সংগ্রহ করে। টিম ইন্ডিয়ার বোলাররা দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন ম্যাকক্রামকে ৪ রানে, কুইন্টন ডি কক এবং রায়ান র্যাকেলটনকে মাত্র ৭ রানে আউট করতে সক্ষম হন।
তবে, ডি. ব্রেভিস ৪৫ এবং ডেভিড মিলার ৬৩ রান করে ভারতীয় বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান । ট্রিস্টান স্টাবস অপরাজিত ৪৪ রানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার রান-রেট আরও বাড়িয়ে দেন। দক্ষিণ আফ্রিকার জয়ে এই তিন খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ভারতের হয়ে বুমরাহ ৩টি, আরশদীপ সিং ২টি, বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে একটি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার নির্ধারিত ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ওপেনার ইশান কিষাণ রায়ানের হাতে ক্যাচ আউট হন। অভিষেক শর্মা মাত্র ১৫ রানে ক্যাচ আউট হয়ে আবারও টিম ইন্ডিয়ার সমর্থকদের হতাশ করেন। এরপর তিলক ভার্মা এসে মাত্র ১ রানে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে চলে যান। অধিনায়ক সূর্যকুমার যাদবের ১৮ রানে আউট এবং ওয়াশিংটন সুন্দরের ১১ রানে আউট হওয়ায় ভারতীয় সমর্থকরা হতাশ হয়ে পড়ে। অলরাউন্ডার শিবম দুবেই একমাত্র ৪২ রান করে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। এরপর হার্দিক পান্ডিয়া এসে ১৮ রান করে ট্রিস্টান স্ট্যাবসের হাতে ক্যাচ আউট হন। আরশদীপ সিং মাত্র ১ রান করে আউট হন। ফলে, ভারত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় এবং দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জয়লাভ করে।।
