এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ অক্টোবর : গত বছর দুর্গাপূজায় পাস বিক্রির নামে কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন । গত বছর দুর্গাপুজোয় ইন্দ্রনীল সেনের তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে পুজো পরিক্রমার নামে পাস বিক্রি করে কোটি কোটি টাকার প্রতারনার অভিযোগ উঠেছে । তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করছেন যে,ওই দুর্নীতির অর্থ ইন্দ্রনীল সেন একা আত্মসাৎ করেনি,তিনি মমতা ব্যানার্জিকেও ‘খাইয়েছেন’ । পাশাপাশি ‘ঠিক সময়ে আরও বড় বড় মাথা ধরা পড়বে’ বলেও মন্তব্য করেছেন তিনি ।
এদিকে নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,’মমতা ব্যানার্জি আর ইন্দ্রনীল সেন দু’জনে একে অপরের পরিপুরক ছিল । তাই একা ইন্দ্রনীল সেন খেয়েছে বলা অত্যন্ত ভুল হবে । তিনি যেমন আগে সিপিএমকে খাইয়ে খেতেন, সিপিএমের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন । আমি যখন নন্দীগ্রাম আন্দোলন করছি তখন সবচেয়ে বেশি গান-বাজনা-কবিতা উনি, সুবোধবাবুরা করতেন । তারা পরবর্তীকালে সব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হয়েছিলেন । রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন । যা পরিণতি হওয়ার হচ্ছে । আমি তো সকালবেলায় বিধানসভায় বলেছি, সবে তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি… চা-বিস্কুট চলছে । আরো অনেক কিছু দেখতে পাবেন । প্রাতিষ্ঠানিক চোরদের সবাইকে জেলে যেতে হবে । এবং ঠিক সময়ে বড় জায়গাতে হাত পড়বে,অপেক্ষা করুন ।’
আজ জিজ্ঞাসাবাদের জন্য ইন্দ্রনীল সেনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়৷ দীর্ঘ ৪ ঘন্টা তাঁকে জেরা করেন ইডির অফিসাররা । সেখান থেকে বের হতেই পুলিশের গাড়িতে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয় । প্রথমে আটক বলা হলেও পরে জানতে পারা যায় যে ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করা হয়েছে । উল্লেখ্য, ইন্দ্রনীল সেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত । প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রায় প্রতিটি সভাতেই তাকে দেখা যেত । যদিও ২০২৬-এ পালাবদলের পর ইন্দ্রনীল সেন কার্যত আন্ডারগ্রাউন্ড হয়ে যান । পাশাপাশি বিজেপির প্রশংসাও শোনা গিয়েছিল ইন্দ্রনীল সেনের গলায় । এই বিষয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।।

