এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ ফেব্রুয়ারী : মালদার গাজোল বিধানসভা এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল বিজেপি । প্রায় ৪০টি পরিবারের শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে । মঙ্গলবার রাতে গাজোলের দেওতলা অঞ্চলের বজরা পাড়া গ্রামে এই যোগদান কর্মসূচির আয়োজন করেছিল গেরুয়া শিবির ৷ উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দাস, গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণসহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ।
উল্লেখ্য,দিন দুয়েক আগেই গাজোলের দেওতলা অঞ্চলের বজরা পাড়া গ্রামে কার্যত ঢাকঢোল পিটিয়ে “লক্ষ্মী এলো ঘরে” তথ্যচিত্র দেখিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করা হয়েছিল । কিন্তু সেই গ্রামেই বিজেপি এমন মেগা যোগদান কর্মসূচি করায় বিপাকে পড়ে গেছে শাসকদল । যোগদান করা পুরুষদের পাশাপাশি মহিলাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় ।
বিজেপি বিধায়ক চিন্ময় দেব দাবি করেন, তৃণমূল উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করলেও বিগত ১৫ বছরে ওই গ্রামে কোন উন্নয়নই হয়নি৷ এনিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভে ছিল । তাই তারা তৃণমূলের উপর আস্থা হারিয়ে ২০২৬শে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের শপথ নিয়ে বিজেপিতে যোগদান করেছেন ।।

