এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ ফেব্রুয়ারী : একের পর এক মহিলার উপর হামলার ঘটনায় মালদার এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রিঙ্কু নাদাব(৩৭)। তার বাড়ি মালদার চাঁচোল এলাকার পাঠানপাড়ায়। আজ শুক্রবার দুপুর নাগাদ কাটোয়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের অজয়পল্লির সর্দারপাড়া এলাকার বাসিন্দা কয়েকজন মহিলা ও দুই কিশোরীর উপর হামলা চালায় রিঙ্কু । শেষ পর্যন্ত লোকজন জড়ো হয়ে হামলাকারী যুবককে ধরে বেঁধে রেখে কাটোয়া থানার পুলিশকে খবর দেয় ৷ এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে ৷ পুলিশ যুবকের পকেট থেকে কয়েকটি নেশার ট্যাবলেট ও মালদা টাউন থেকে কাটোয়া পর্যন্ত একটি ট্রেনের টিকিট পেয়েছে বলে জানা গেছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ধৃত যুবক নেশাগ্রস্থ । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ।
জানা গেছে,দুপুর প্রায় বারোটা নাগাদ বাড়িতে রান্না চাপিয়ে বাড়ির সামনে কল থেকে বালতি করে জল নিয়ে ঘরে ফিরছিলেন অপর্ণা সর্দার । সেই সময় মালদার ওই যুবক পিছন দিক থেকে এসে আচমকা অপর্ণাদেবীর পিঠে সজোরে ঘুঁষি মারে । এরপর মহিলার চিৎকার করতেই হামলাকারীর যুবক ছুটে পালিয়ে যায় । তবে এখানেই শেষ নয়, একই পাড়ার বাসিন্দা মঞ্জু সর্দার নিজের বাড়িতে যখন সবজি কাটছিলেন সেই সময় রিঙ্কু নাদাব তাদের বাড়িতে ঢুকে পড়ে । সে মঞ্জুদেবীকে সপাটে চড় কষিয়ে দেয় । এরপর হাত মুচড়ে বঁটি কেড়ে নিয়ে তার উপর হামলা চালাতে যায় । মঞ্জুদেবী চিৎকার করলে একইভাবে হামলাকারী যুবক পালিয়ে যায় । সুষ্মিতা সর্দার এবং কিরণমালা সর্দার নামে দুই কিশোরীকে সে মারধর ও গালাগালি করে৷ শেষ পর্যন্ত পাড়ার কিছু যুবক রিঙ্কু নাদাবকে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখে । পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় রিঙ্কু নাদাব জানায় যে তার বাড়ি মালদা জেলার চাঁচোল এলাকার পাঠানপাড়ায় । তার বাড়িতে আছে স্ত্রীর হাসেমা বিবি, এক ছেলে ও এক মেয়ে । তার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় সে তাকে কাটোয়ায় খুঁজতে এসেছে বলে দাবি করে । তবে বারবার বয়ান বদলের জন্য ওই যুবকের কথায় বিশেষ ভরসা রাখতে পারছে না । হামলার উদ্দেশ্য জানতে পুলিশ তাকে জেরা করছে । পাশাপাশি তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।

