এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,০৪ জুন : মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, অপরাধমূলক অতীত থাকা প্রায় ১৫০ জন কুখ্যাত অপরাধী হাত তুলে এবং পোস্টার হাতে নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ক্ষমা চেয়ে শপথ গ্রহণ করেছে যে ভুলেও তারা আর অপরাধ করবে না । পুলিশের পুনর্বাসন কর্মসূচির অধীনে দুর্বৃত্তরা আর কখনো অপরাধমূলক কাজ না করার অঙ্গীকার করেছে।
পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তরুণ ও মধ্যবয়সী কুখ্যাত অপরাধীরা হাত তুলে প্রতিজ্ঞা করে, “আমরা প্রতিজ্ঞা করছি যে ভবিষ্যতে আমরা কোনো অপরাধ করব না বা কোনো অবৈধ কার্যকলাপে লিপ্ত হব না।”
অনেক দুষ্কৃতকারী ‘যোগী জি আমাদের ক্ষমা করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়েছিল এবং জানিয়েছিল যে তারা আর কখনও অবৈধ কার্যকলাপে লিপ্ত হবে না এবং আশা প্রকাশ করেছিল যে মুখ্যমন্ত্রী তাদের ক্ষমা করে দেবেন ।
দুষ্কৃতীরা বেশ কয়েকটি প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছিল, যেগুলিতে লেখা ছিল, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমরা ভবিষ্যতে আর কোনো অপরাধ করব না। অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দিন।” একজন পিটিআইকে বলেছে “আমি আর কোনো অপরাধ না করার প্রতিজ্ঞা করেছি এবং আশা করি আইন আমাকে সমর্থন করবে ।”
ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রান্স-হিন্দন) ধবল জয়সওয়াল বলেছেন যে, ‘অপারেশন ক্লিন সুইপ’-এর অধীনে গাজিয়াবাদ জুড়ে পরিচালিত একটি যাচাই অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি চালানো হয়।তিনি বলেন,”যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে বা এই ধরনের কর্মকাণ্ডের ইতিহাস আছে, এমন সকল ব্যক্তিকে যাচাই করা হচ্ছে। তাদের বাসস্থান, গতিবিধি ও বর্তমান কার্যকলাপ নথিভুক্ত করা হচ্ছে ।”
