এইদিন স্পোর্টস নিউজ,০৪ জুন : গত রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের ফাইনালে গুজরাট টাইটান্সকে (জিটি) পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। চ্যাম্পিয়ন হওয়ার পরপরই ফাইনালে আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে আরসিবি-র বিস্ফোরক ব্যাটসম্যান টিম ডেভিডকে তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এরপরে টিম ডেভিডের সিগারেট খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয় এবং আরসিবি-র এই বিস্ফোরক ব্যাটসম্যান আবারও নিয়ম লঙ্ঘন করেছেন কি না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে।
আরসিবি-র জয়ের পর মাঠে টিম ডেভিডের সিগারেট ফুঁকে উদযাপন করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটে শিরোপা জেতার পর চুরুট ফুঁকে উদযাপন করা একটি প্রচলিত ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। একইভাবে, ডেভিড তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তিনি মুখে চুরুট ও ট্রফি হাতে ফিল সল্টের সাথে পোজ দিয়েছেন । এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর আইপিএল আয়োজকরা ডেভিডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, তা নিয়ে বিতর্ক চলছে।
বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন যে, ভিডিওটি জয়ের পর ধারণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার আর একটি অংশ বলছে যে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং এতে কারসাজি করা হয়েছে।।
