প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ আগস্ট : বর্ধমান শহরে আবির্ভূত হলেন সাক্ষাৎ “যমরাজ” ; সতর্ক করে দিলেন হেলমেটবিহীন বাইক আরোহীদের। বুধবার বিকালে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্ত্বরে এমনই উদ্যোগ নিতে দেখা গেল জেলা পুলিশকে ।
রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের উদ্যোগে ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই কর্মসূচির অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের বীরহাটা সাব-ট্রাফিক গার্ড
আজ বুধবার কার্জনগেট চত্বরে বিশেষ সচেতনতামূলক অভিযান চালায়। সাথে ছিলেন “যমরাজ”-এর সাজে সজ্জিত গদাধারী একজন ট্রাফিক কর্মী ৷ মাথায় হেলমেট না থাকা কিংবা এক বাইকে তিনজন চড়ে যাওয়া বাইক আরোহীদের থামিয়ে দিচ্ছিলেন ট্রাফিক পুলিশ। সেই সময় ‘যমরাজ’ নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বাইক আরোহীদের সাবধান বাণী শুনিয়ে যাচ্ছিলেন।সেই সংলাপ শুনে অনেকেই থমকে দাঁড়ান, আবার কেউ হাসিমুখেই হেলমেট পরার গুরুত্ব উপলব্ধি করেন।
এদিনের অভিযানে হেলমেট বিহীন বাইক চালকদের ছবি তোলা হয়। তার সাথে তাঁদের নাম ও ফোন নম্বর নথিভুক্ত করা হয়। পাশাপাশি গলায় পরিয়ে দেওয়া হয় একটি ‘প্রতিশ্রুতি কার্ড’, যেখানে লেখা ছিল “হেলমেট পরিয়া বাইক চালাইবো” । ওই কার্ডে স্বাক্ষর করিয়ে ভবিষ্যতে নিয়ম মেনে হেলমেট ব্যবহার করার অঙ্গীকার করিয়ে নেওয়া হয়।তবে যাঁরা নিয়ম মেনে হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন, তাঁদের হাতে তুলে দেওয়া হয় ‘হেলমেট হিরো’ ব্যাজ এবং একটি করে গোলাপ ফুল। ট্রাফিক পুলিশের এই অভিনব উদ্যোগে উৎসাহিত হন সাধারণ মানুষও।
ট্রাফিক পুলিশের বক্তব্য, শুধু জরিমানা করাই উদ্দেশ্য নয়, সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। তাই অভিনব উপায়ে মানুষের কাছে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পথচারীদের অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেন ।।
