এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৪ জুন : মুখ্যমন্ত্রীর কাছে ‘বিচার’ চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নদিয়ার কালীগঞ্জে ছাত্রী তামান্না খুনে গ্রেপ্তার হল আরও ২ অভিযুক্ত । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের গোপন ডেরায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে কালীগঞ্জ থানার পুলিশ । আজ, বুধবার ধৃতদের আদালতে তোলা হবে । এই গ্রেপ্তারিতে তামান্না খুনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৩ জনে ।
২০২৫ সালে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল থেকে ৬ বছরের ছোট্ট তমন্নার উপর বোমা নিক্ষেপ করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির । মৃত্যুর এক বছর পূর্ণ হলেও এখনও বিচারের দাবিতে হন্যে হয়ে ঘুরছেন মা সাবিনা ইয়াসমিন।
মঙ্গলবার বিধানসভার অধিবেশন মুখ্যমন্ত্রী শুভেন্দু বক্তৃতা করতে গিয়ে তমন্নার বিচারের প্রসঙ্গ তুলেছিলেন৷ তিনি বলেন,আরজি করের অভয়া, নদিয়ার কালীগঞ্জের তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল’কলেজ, কামদুনি ও ধূপগুড়ির মতো ঘটনায় জিরো টলারেন্স অবস্থান নিয়েছে সরকার। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য তামান্নার মা অপেক্ষা করছেন।
জানা যায়, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্নার মা সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমানও। সেখানে তামান্নার মা’কে তার মেয়ের মৃত্যুর ন্যায়বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় খুশি সাবিনা ইয়াসমিন বলেছেন,’পুলিশ যে এত দ্রুত পদক্ষেপ করবে, তা ভাবতে পারিনি। আশা করছি বাকিরাও দ্রুত গ্রেফতার হবে। প্রশাসনিক প্রধানের এই রকম তৎপরতা দীর্ঘ দিন রাজ্যের মানুষ দেখেনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা সত্যি সত্যিই প্রশংসা করার মতো। আশা করছি তমন্না বিচার পাবে।’।
