এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ জুলাই : মালদায় প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে গেল বাইক আরোহী ২ দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় ১০:২৫ নাগাদ মালদা শহরের দুর্গাবাড়ি মোড় এলাকায় । রাতেই এনিয়ে মালদা থানায় অভিযোগ দায়ের করেন অনুশ্রী বসাক নামে ওই মহিলা । অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
অনুশ্রী বসাক জানিয়েছেন,গতকাল সন্ধ্যায় তিনি ও তার স্বামী একটি অনুষ্ঠান বাড়ি গিয়েছিলেন । রাত্রিতে দু’জনে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন । রাত্রিতে তারা যখন ফিরছিলেন, সেই সময় বিএস রোডের গীতাঞ্জলি লজ এলাকা থেকে বাইক আরোহী ২ যুবক তাদের পিছু নেয় । তারা রাত্রি প্রায় ১০:২৫ মিনিট নাগাদ যখন দুর্গাবাড়ি মোড় এলাকায় আসেন তখন ওই দুই দুষ্কৃতী তার গলায় থাকা প্রায় সাড়ে তিন ভরির দুটি সোনার গহনা ছিঁড়ে নিয়ে পালায় ।
জানা গেছে,মহিলার চিৎকারে আশপাশের লোকজন দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে । কিন্তু দুষ্কৃতীরা বাইকটি প্রবল বেগে চালানোয় তাদের নাগাল করতে পারেনি । পরে মহিলাকে স্থানীয় ক্লাবের সদস্যরা তাদের ক্লাবঘরে নিয়ে আসে । ক্লাবের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া ছিনতাইয়ের মুহুর্তের ভিডিও মহিলাকে দেওয়া হয় । এরপর মহিলাকে সাথে নিয়ে মালদা থানায় গিয়ে ওই ফুটেজসহ একটি লিখিত অভিযোগ দায়ের করায় ক্লাবের সদস্যরা ।
প্রসঙ্গত,মালদায় প্রকাশ্য রাস্তায় ছিনতাইয়ের ঘটনা এই প্রথম নয় । এর আগে মালদা শহরের গয়েসপুরে ভর সন্ধ্যায় এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে পালায় বাইক আরোহী ২ দুষ্কৃতী । মালদা শহরের ২৭ ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা সুমনা দে নামে ওই মহিলা এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । বারবার ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।।
