এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ জুন : আজ দেশ জুড়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হচ্ছে ৷ পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের উদ্যোগে প্রতিটি ব্লকে চলেছে সচেতনতামূলক প্রচার৷ তারই মাঝে মাদক পাচারের বড় ছক ভেস্তে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জিআরপি । আজ শুক্রবার ভোরে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনে তল্লাশির সময় গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে গেল ৩ মহিলা । রেল পুলিশ ধৃতদের রানি মালো, শঙ্করী সরকার ও মনি চৌধুরী নামে চিহ্নিত করেছে । তাদের বাড়ি হুগলির বলাগড় এলাকায়। ধৃতদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ ।
জিআরপি সূত্রে জানা গেছে, গোপন সূত্র থেকে খবর আসে যে উত্তরবঙ্গের আলুবাড়ি রোড স্টেশন থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনে চড়ে তিন মাদক পাচারকারী মহিলা গাঁজা পাচারের উদ্দেশ্যে যাচ্ছে । তাদের তিন জনের কাছেই একটি করে ব্যাগে গাঁজা মজুত আছে । ট্রেনটি কাটোয়া স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ঢোকার আগেই রেলের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসাররা অপেক্ষা করছিল । ট্রেনটি প্লাটফর্মে ঢুকতেই নির্দিষ্ট সাধারণ কামরা থেকে তিন মহিলাকে নামিয়ে তাদের ব্যাগে তল্লাশি চালানো হয় । তখন তাদের ব্যাগ থেকে তিনটি প্যাকেটে গাঁজা নজরে পড়ে রেলের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসারদের । মোট প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে ।
প্রাথমিকভাবে রেল পুলিশ জানতে পেরেছে যে তারা ওই গাঁজা নিয়ে ব্যান্ডেলে যাচ্ছিলেন । সেখানে পৌঁছে দেওয়ার পর তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু মাঝপথেই তারা ধরা পড়ে যায় । আজ শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে তাদের প্রত্যেককেই ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । কোথা থেকে তারা গাঁজা সংগ্রহ করেছিল এবং এই মাদক পাচারের জাল কতদুর বিস্তৃত তা জানার চেষ্টা চালাচ্ছে কাটোয়া জিআরপি।।

