এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ নভেম্বর : এই হিন্দু মহিলার দুই স্বামী ! একজন দুই স্বা মুসলিম আর একজন হিন্দু । সম্প্রতি মহিলা একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন । কিন্তু ভিন্ন ধর্মসম্প্রদায়ের দুই স্বামীই এখন নবজাতকের পিতৃত্ব দাবি করে বসেছে । এমনই নজিরবিহীন ঘটনার স্বাক্ষী থাকলো বাংলাদেশের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লোকজন।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।
ঘটনার বিবরণ থেকে জানা যায়,বরিশালের বুখাইনগরের শান্তা নামে ওই মহিলা হিন্দু সম্প্রদায়ের । তিনি বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের সময় তাঁর পাশে ছিলেন সুভাস নামের এক ব্যক্তি, যিনি নিজেকে শান্তার বর্তমান স্বামী হিসেবে পরিচয় দিচ্ছেন। কিন্তু পরের দিন সকালে হাসপাতালে হাজির হন ঢাকার মহম্মদ এমদাদুল নামের আর এক ব্যক্তি। তাঁর দাবি, ২০২১ সালে শান্তার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল এবং দীর্ঘ পাঁচ বছর তাঁরা সংসার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির জন্মের খবর পেয়ে তিনি নিজের মেয়েকে দেখতে হাসপাতালে এসেছেন।এমদাদুলের দাবি, শান্তার সঙ্গে তাঁর বিয়ের প্রমাণ হিসেবে কাবিননামা ও বিয়ের ভিডিও রয়েছে। এমনকি তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শান্তার ভরণপোষণ ও পড়াশোনার খরচও বহন করেছেন।
অন্যদিকে সুভাসের বক্তব্য, শান্তা তাঁর স্ত্রী এবং সন্তান জন্মের আগে পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলেন। তাঁর দাবি, সন্তান জন্মের আগে শান্তা তাঁর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়েছিলেন। তিনি নবজাতককে নিজের সন্তান বলে দাবি করছেন ।
ঘটনাটিতে নতুন মাত্রা যোগ হয়েছে ধর্মীয় পরিচয় নিয়ে দুই পক্ষের বক্তব্যে। এমদাদুলের দাবি, তাঁকে বিয়ে করার সময় শান্তা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যদিকে শান্তা ও সুভাস হিন্দু । এ নিয়ে হাসপাতাল এলাকায় তৈরি হয় বিভ্রান্তিকর পরিস্থিতি। একদিকে আগের স্বামী হিসেবে দাবি করা এমদাদুল, অন্যদিকে বর্তমান স্বামী হিসেবে পরিচয় দেওয়া সুভাস—দুজনের পাল্টাপাল্টি বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা।
এখন সামনে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—শান্তার সঙ্গে কার বিয়ের সম্পর্ক আইনগতভাবে বৈধ? আগের বিয়ের দাবির সত্যতা কতটুকু? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নবজাতক শিশুটির প্রকৃত জৈবিক পিতা কে? তবে এসব প্রশ্নের উত্তর এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট সবার বক্তব্য, বিয়ের কাগজপত্র এবং অন্যান্য তথ্য যাচাই করার দাবি উঠছে । প্রয়োজনে আইনসম্মত প্রক্রিয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুর জৈবিক পিতৃত্ব নির্ধারণ করা হোক বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা ।
এদিকে একই শিশুকে কেন্দ্র করে দুই পুরুষের এমন মুখোমুখি অবস্থান এবং তর্কবিতর্কের কারণে হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে বেশ কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার নাটকীয়তার কারণে “এক সন্তান, দুই বাবা! বিয়ের ভিডিও নিয়ে হাসপাতালে প্রথম স্বামীর পিতৃত্বের দাবি” শিরোনামে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এদিকে শিশুটির প্রকৃত বাবার পরিচয় নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে ।।
